খুদে শিক্ষার্থীদের জন্য টিফিনের স্বপ্নসিঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সুযোগ-সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খুদে শিক্ষার্থীদের স্বপ্নপূরণের দায়িত্ব নিয়েছে ছাত্রদের গড়ে তোলা টিফিন নামের একটি সংগঠন। আদিবাসী ও গরিব ছাত্রদের বিনা পারিশ্রমিকে তারা প্রাইভেট ও কোচিংয়ের আদলে লেখাপড়া এবং শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করবে। তাদের এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নসিঁড়ি’।
সরেজমিনে গত শনিবার শহরের সাব-অর্ডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে চলছে সংগঠনটির পাঠদান। ক্লাস ছুটির পর সপ্তাহে ছয় দিন এ বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের পড়ান টিফিনের সদস্যরা। বিনা পারিশ্রমিকে একদল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রী এ কোচিং করাচ্ছেন। মাঝেমধ্যে প্রয়োজন অনুযায়ী এসব ছাত্রছাত্রীর খাবার, বই-খাতা, পেনসিল বক্সের মতো প্রয়োজনীয় শিক্ষা উপকরণও দেওয়া হচ্ছে।
কথা হয় স্বপ্নসিঁড়ি প্রকল্পে পড়তে আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিল্টন, সৌরভ, অভি, জর্জ, শিশির, নয়ন, হাসিনা, সুমি, মনি ও রুমির সঙ্গে। এরা সবাই সাব-অর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পারিবারিক অবস্থা ভালো না, কিন্তু ওরা লেখাপড়া করে যেতে চায় অনেক দূর। কেউ হতে চায় চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউবা পাইলট। টিফিন সংগঠনের আহ্বায়ক রংপুর কারমাইকেল কলেজের ছাত্র আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সংগঠনটি করেছি। “শিখলে শিশু, বাঁচবে জাতি” প্রতিপাদ্য সামনে রেখে খুদে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে স্বপ্নসিঁড়ি প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের সদস্যসংখ্যা ৪০। বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাই মূলত সংগঠনের সদস্য।’
সাব-অর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওনক জাহান টিফিনের সদস্যদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এদের মতো সবাই যদি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করতে এগিয়ে আসত, তাহলে সমাজে বড় ধরনের একটা ইতিবাচক প্রভাব পড়ত।