খুদে সাংসদদের জিজ্ঞাসা
ভৈরবে শিশু-কিশোর সংগঠন কাকলি খেলাঘর আসরের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা গত বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হন। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতীকী সংসদ বসিয়ে খুদে শিক্ষার্থীরা সাংসদ রূপে জনপ্রতিনিধিদের নানা প্রশ্ন করেন। জনপ্রতিনিধিরাও এসব প্রশ্ন গুরুত্বের সঙ্গে নিয়ে লিখিত ও মৌখিকভাবে তার উত্তর দেন।
সংগঠনের সভাপতি শরীফ আহমেদ স্পিকারের দায়িত্ব পালন করেন। স্থানীয় নয়টি বিদ্যালয়ের ৩৬ জন নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করে।
‘সাংসদ’ সাবরিনা রহমান তথ্য উত্থাপন করে জানায়, ইদানীং বিভিন্ন পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। এ কারণে পরীক্ষার আগে না পড়ে শিক্ষার্থীরা প্রশ্ন জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ে। এতে মেধার ভারসাম্য নষ্ট হচ্ছে। খুদে সাংসদদের জিজ্ঞাসা ছিল, প্রতিকারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না। এ রকম শিক্ষা ও জীবনসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশ্ন করে খুদে সাংসদ হাসিবুর রহমান, সোহাগ মিয়া, আদিত্য দাস, জিদনী, এলমা তানজির, মারুফ আহমেদ, মারিয়া, সাকিল হায়াত, ফারিয়া তাসনিম, সৃষ্টি রানী বর্মণ, ফাহমিদা আফরিন।
সরকারের প্রতিনিধি হিসেবে খুদে সাংসদদের এসব প্রশ্নের উত্তর দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ, ইউএনও সেলিম আহমেদ, পৌর মেয়র মো. শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন ও ওসি সরাফত উল্লাহ।
সেরা সাংসদ নির্বাচিত হয় শাকিল হায়াত, সাবরিনা রহমান ও ফারিয়া তাসনিম।