খুদে সার্ফারদের জলক্রীড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে সার্ফিং প্রশিক্ষণ নিচ্ছে একদল কিশোরী। সৈকতের লাবণী পয়েন্ট থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতে সার্ফিং প্রশিক্ষণ নিচ্ছে একদল কিশোরী। সৈকতের লাবণী পয়েন্ট থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে উত্তাল ঢেউ নিয়ে খেলা করছে একদল ছেলেমেয়ে। তাদের একজন কিশোরী মায়েশা। এক একটা ঢেউ ডিঙিয়ে বিশাল জলরাশির ভেতর ঘুরে বেড়াচ্ছে। আর উপকূলে দাঁড়িয়ে পর্যটকেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন মায়েশার জলক্রীড়া। ছোট্ট মেয়ের ক্রীড়াকাণ্ড দেখে এক পর্যটকের বিস্ময়—এটা কী করে সম্ভব?
কিছুক্ষণ পর মায়েশা কূলে উঠে জানিয়ে দিল, ‘সার্ফিং জানা থাকলে সাগরকে আয়ত্তে আনা কোনো ব্যাপার না। সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ হলে উদ্ধার করাও সহজ ব্যাপার।’
গতকাল রোববার বিকেলে সৈকতে গিয়ে দেখা গেল, মায়েশাসহ প্রায় অর্ধশত ছেলেমেয়ে উত্তাল সমুদ্রে সার্ফিং করছে। এদের বয়স ১২ থেকে ১৯ বছর। পর্যটন করপোরেশনের সহযোগিতায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ৫০ জন ছেলেমেয়েকে ১৫ দিনের সার্ফিং প্রশিক্ষণ দিচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় এই প্রশিক্ষণ শেষ হবে।
৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ সার্ফিং প্রশিক্ষণের উদ্বোধন করেন। গতকাল পর্যন্ত ১৪ দিনের প্রশিক্ষণে অধিকাংশ ছেলেমেয়ে সার্ফিং রপ্ত করে ফেলেছে। তারা এখন সার্ফবোর্ডে দাঁড়িয়ে বিশাল জলরাশি ঘুরে বেড়াচ্ছে। পাঁচজন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।
সৈকতের বালুচরে কথা হয় মায়েশা আকতারের (১৩) সঙ্গে। কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ায় তার বাড়ি। মায়েশা জানায়, ‘গরিব ঘরে জন্ম বলে তৃতীয় শ্রেণি থেকে লেখাপড়া বন্ধ। পাঁচ বছর ধরে সৈকতে পর্যটকদের শামুক-ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্য বিক্রি করছি। সুযোগ পেয়ে সার্ফিং শিখছি। জলরাশি জয় করে একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই।’
মায়েশার সঙ্গে সার্ফিং শিখছে একই পাড়ার রিপা, কলাতলীর জাহান আরা, ঘোনারপাড়ার সুমি আকতার, তারাবনিয়াছড়ার রিয়াদ, মধ্যম বাহারছড়ার মো. ইউসুফসহ অনেকে।
ইউসুফ জানায়, ‘টেলিভিশনে বিদেশিদের সার্ফিং দেখে মুগ্ধ হতাম। ভাবতাম, সার্ফিং জানলে আমিও বিশাল জলরাশি ঘুরে বেড়াতে পারতাম। সেই ইচ্ছা পূরণ করতে সার্ফিং প্রশিক্ষণ নিচ্ছি। লেখাপড়ার পাশাপাশি সার্ফিংকে পেশা হিসেবে নিতে চাই।’ ইউসুফ কক্সবাজার সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমি আকতার জানাল, ‘ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ। এর মধ্যে সার্ফিং অন্যতম। কিন্তু ১৪ দিনেও সার্ফিং পুরোপুরি রপ্ত করা যাচ্ছে না। সার্ফবোর্ড নিয়ে সমুদ্রে সাঁতার কাটছি, কিন্তু দাঁড়াতে পারছি না।’
কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রিয়াদের কাছে সার্ফিং অনেকটা সহজ। সে জানায়, ‘কাঠের বোট নিয়ে ঢেউয়ের ওপর দাঁড়িয়ে থাকা কঠিন ব্যাপার মনে হয়েছিল। কিন্তু ১৪ দিনের প্রশিক্ষণ তা সহজ করে দিয়েছে। আসলে সার্ফিং সব মানুষের জানা দরকার। এটা শুধু খেলা নয়, নিজেকে রক্ষার বড় একটি কৌশল।’
প্রশিক্ষক ও সার্ফার সাইফুল্লাহ সিফাত বললেন, বিশ্বব্যাপী সার্ফিং এখন জনপ্রিয় খেলা। বাংলাদেশে ক্রিকেট, ফুটবলের মতো সার্ফিংয়ে সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে বিপুলসংখ্যক ছেলেমেয়ে এই জলক্রীড়ায় যুক্ত হতো।
সার্ফার আবদুল আজিজ জানালেন, সার্ফিংয়ের জন্য কক্সবাজার সৈকত উপযুক্ত। এই সৈকতে পাথর নেই, নেই হাঙরসহ হিংস্র প্রাণীর বিচরণ। সমুদ্রে সব সময় ঢেউ থকে। নিরাপদ সৈকত বলে সার্ফিং করতে এই সৈকতে ছুটে আসছেন ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সার্ফাররা। অথচ কক্সবাজারে সার্ফিং প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই।
জানা গেল, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীর সহযোগিতায় প্রথমবারের মতো এই সার্ফিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কথা হলো জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অরূপ বড়ুয়া ও সহসাধারণ সম্পাদক হারুণ অর রশিদের সঙ্গে। তাঁরা বললেন, ‘আমরা স্পোর্টস ট্যুরিজমের ওপর গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে সৈকতে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ কাবাডি, বিচ ভলিবলসহ সার্ফিং প্রশিক্ষণের আয়োজন করেছি।’