খুদ-ভুট্টা থেকে জ্বালানি উৎপাদনের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তার বিষয়টি বিবেচনায় না রেখে সরকার খাদ্য থেকে জ্বালানি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এতে কাঁচামাল হিসেবে চালের খুদ, ভুট্টা ও চিটা গুড় ব্যবহার করা হবে।
গত ১৫ জানুয়ারি সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, উৎপাদিত জৈব জ্বালানি প্রতি লিটার পেট্রল ও অকটেনে ৫ শতাংশ হারে মেশানো হবে। এই জ্বালানি উৎপাদনের জন্য প্ল্যান্ট স্থাপন এবং এ বিষয়ে একটি নীতিমালা তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বচ্ছ ও বর্ণহীন এই তরল জ্বালানি জৈব ইথানল নামে পরিচিত। অবশ্য খাদ্য থেকে জ্বালানি তৈরির সিদ্ধান্ত নিলেও কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করেনি জ্বালানি মন্ত্রণালয়। এতে করে দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তার ঝুঁকির বিষয়টি যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে মনে করছেন খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞরা।
গত এক যুগে দেশের বেশির ভাগ খাদ্যের দাম বাড়লেও একমাত্র মুরগি ও মাছের দাম খুব একটা বাড়েনি বলে মন্তব্য করেন বাংলাদেশ পোলট্রিশিল্প সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, এখন হঠাৎ করে জৈব জ্বালানি উৎপাদনের অনুমতি দিলে মুরগি ও মাছের খাদ্যের কাঁচামাল খুদ ও ভুট্টা জ্বালানিতে চলে যাবে। ফলে দাম যাবে বেড়ে।
জ্বালানি কোম্পানি সুনিপুণ অর্গানিক্স লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্বালানি মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কমিটিকে এর সম্ভাব্যতা এবং উপযোগিতা বিষয়ে প্রতিবেদন দিতে বলে। ওই কমিটিতে খাদ্য ও কৃষিসংক্রান্ত সরকারি কোনো বিভাগের প্রতিনিধিকে রাখা হয়নি।
ওই কমিটির হিসাবে, প্রাথমিকভাবে প্রতিদিন ৭৫ হাজার লিটার জৈব ইথানল তৈরি করা হবে। এতে ৬০ হাজার টন খুদ, ৬২ হাজার টন ভুট্টা ও প্রায় ১ লাখ টন চিটা গুড় লাগবে।
এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রথম আলোকে বলেন, ‘এই অনুমোদন দেওয়ার আগে আমাদের সঙ্গে কেউ আলোচনা করেনি। এসব খাদ্য দিয়ে জ্বালানি উৎপাদন করলে মৎস্য ও প্রাণিসম্পদ খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।’
তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা জ্বালানির নানা ধরনের বিকল্প ব্যবহারকে উৎসাহিত করছি। জৈব ইথানল উৎপাদনের অনুমতি ওই সিদ্ধান্তের অংশ হিসেবেই দেওয়া হয়েছে।’
এতে খাদ্যনিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকে মনে করছেন জানালে প্রতিমন্ত্রী বলেন, ‘আর্থিকভাবে যার পোষাবে সে তা কিনবে, ব্যস। আর কী বলার আছে।’
খাদ্য থেকে ইথানল তৈরি করলে খাদ্যনিরাপত্তায় কোনো সমস্যা হবে না দাবি করে সুনিপুণ অর্গানিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খান মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ভুট্টা প্রক্রিয়াজাত করে যেসব উপজাত তৈরি হবে, তা আবার পোলট্রি খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, এখানে এখন আর কেউ চালের খুদ ও চিটা গুড় খায় না।
এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কৃষি বিশেষজ্ঞ জেড করিম মুরগি ও মাছকে দরিদ্র জনগোষ্ঠীর আমিষের প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘এই খাতের খাদ্য হিসেবে খুদ ও ভুট্টা পর্যাপ্ত পরিমাণে পাই। এসব খাদ্য জ্বালানি কোম্পানিগুলো উচ্চ দামে কেনা শুরু করলে দাম বেড়ে যাবে। এতে গরিব মানুষের খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে সরকারের উচিত হবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।’