খুন ও চুরি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন রাজশাহীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদপান করতে যাবেন তিন তরুণ। কিন্তু টাকা নেই কারও কাছে। শেষ পর্যন্ত ছিনতাইয়ের পরিকল্পনা করেন তাঁরা। সে অনুযায়ী তাঁরা যাত্রীবেশী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কৌশলে ফাঁকা জায়গায় গিয়ে অটোরিকশা থামাতে বাধ্য করা হয়। পরে চালকের সারা দিনের ভাড়ার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে গলা কেটে হত্যা করেন তাঁরা। ধরা পড়ার পরে ৯ জানুয়ারি নগরের শাহ মখদুম থানার পুলিশের কাছে এভাবেই স্বীকারোক্তি দিয়েছেন ওই তিন তরুণ। ৩ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে রাজশাহী নগরের খিরসিনটিকর এলাকায়। ওই তিন তরুণ হলেন নগরের দাস পুকুর এলাকার রনি, আলামিন ও দুর্গাপুরের পাঁচবাড়ি গ্রামের শাহাদত।গত ১৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রাজশাহীতে শিশু ও নারীসহ ছয়জনকে খুন করা হয়েছে। শুধু খুনই নয়, গত এক মাসে এ জেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে। এ নিয়ে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতারা এসব ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি পুঠিয়ায় ১০ বছর বয়সী এক শিশুর লাশ শৌচাগারের স্ল্যাবের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। ধর্ষণের পর দুই মাদকসেবী গুম করার জন্য ওই শিশুর লাশ সেখানে লুকিয়ে রেখেছিল। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই শিশুর নাম প্রার্থনা সরকার। তার বাবার নাম পরিমল সরকার। বাড়ি পুঠিয়া উপজেলার বদোপাড়া গ্রামে। গত ২৭ ডিসেম্বর সকালে চারঘাট উপজেলার একটি গম খেতে রতন হোসেন ওরফে লরু (২৫) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি উপজেলার মেরামতপুর গ্রামে। গত ২২ ডিসেম্বর পুঠিয়ার তারাপুর গ্রামের দানেশ প্রামাণিকের ছেলে নূর ইসলামের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গ্রামের একটি আমবাগানের ভেতরে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গত ১৫ ডিসেম্বর পুঠিয়া উপজেলার শিবপুর জায়গীরপাড়া গ্রামের মাঠ থেকে শামসুল হকের স্ত্রী শাহানারা খাতুন (৩৫) এবং একই গ্রামের কৃষক আলমের (৫০) লাশ উদ্ধার করা হয়। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে। খুনের পাশাপাশি রাজশাহীতে চুরির ঘটনাও বেড়েছে। ৯ জানুয়ারি নগরের সাহেববাজার সোনাদিঘী মোড়ের পৌর মার্কেটের ‘রুপম জুয়েলার্স’ নামের এক সোনার দোকানে চুরি হয়। ওই দোকান থেকে প্রায় অর্ধ কোটি টাকার সোনার গয়না চুরি গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ ডিসেম্বর নগরের মনিচত্বর এলাকায় এরফান টেলিকম থেকে নগদ ৬০ হাজার টাকা, ৪৭টি মুঠোফোন সেটসহ বিভিন্ন মালামাল চুরি যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গত ২৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে সহকারী পুলিশ সুপারের (পুঠিয়া সার্কেল) কার্যালয় থেকে মাত্র ৫০ গজ দূরে একটি স্থানে গোয়েন্দা পুলিশের পরিচয়ে কয়েকজন রিকশার এক যাত্রীকে মাইক্রোবাসে তোলে। পরে তারা তাঁকে উপজেলার শিবপুর এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা রেখে দিয়ে তাঁকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে। ওই যাত্রীর নাম সাগর কুমার (২৭)। তাঁর বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। রাজশাহীর বিভিন্ন থানা সূত্রে জানা গেছে, নগরে মোটরসাইকেল চুরির ঘটনাও বেড়েছে। অক্টোবর মাসেই নগরে ২৭টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর একটি মোটরসাইকেলও পুলিশ উদ্ধার করতে পারেনি। ঘটনার সঙ্গে জড়িত কোনো আসামিও গ্রেপ্তার হয়নি। গত এক বছরে নগরের ৩৯টি বাড়িতে চুরি হওয়ার পরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ প্রসঙ্গে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, চুরির পর আগুন দেওয়ার ঘটনা রহস্যজনক। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব হয়নি। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান অভিযোগ করেন, বর্তমানে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার কারণেই এসব ঘটনা বাড়ছে। তিনি জানান, এ অরাজক অবস্থা আর চলতে দেওয়া যায় না। তাঁরা এর প্রতিবাদে ১৮ জানুয়ারি রাজশাহীতে সমাবেশ আহ্বান করেছেন। পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন বলেন, তদন্ত করে খুনের ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন করা হচ্ছে। অপরাধীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো পুলিশের ব্যর্থতার জন্য ঘটছে না। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, এসব অপরাধের পেছনে সামাজিক অস্থিরতা কাজ করছে। তবে এগুলো নিয়ন্ত্রণের বাইরে নয়।