খুন ও বোমার আতঙ্কে নওয়াপাড়ার মানুষ
হত্যা আর বোমাতঙ্কে তটস্থ হয়ে পড়েছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মানুষ। গত চার মাসের মধ্যে ওই গ্রামে খুন হয়েছেন বিএনপির দুই নেতা। এ ছাড়া সন্ত্রাসীরা চাঁদার জন্য বোমা হামলা করেছে গ্রামের চার ব্যবসায়ীর বাড়িতে। উদ্বিগ্ন অনেকে এলাকা ছেড়ে আত্মগোপন করে আছে।চাঁদাবাজদের ভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে গ্রামের লুৎফর জমাদ্দারের পরিবারের সদস্যরা। লুৎফর জমাদ্দারের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘চাঁদাবাজেরা এক সপ্তাহ ধরে মুঠোফোনে আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে আমার দুই ছেলের গলা কেটে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। বাড়িতে ঠিকমতো থাকতে পারছি না। তাদের ভয়ে মুঠোফোন বন্ধ রেখে একপ্রকার আত্মগোপন করে আছি।’চাঁদাবাজ, বোমাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী গত বুধবার নওয়াপাড়া মডেল কলেজমাঠে পুলিশের সঙ্গে বৈঠক করেছে। গ্রামবাসী জানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বেঙ্গল টেক্সটাইল মিলস সিবিএর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে ৩ মে রাতে তাঁর বাড়ির কাছে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে। এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম বিএনপির এক নেতা ও এক সাংবাদিকসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।গত ১৯ জুলাই রাতে নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ওই গ্রামের বাসিন্দা লুৎফর রহমানকে তাঁর নিজ বাড়িসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়। একই রাতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে বোমা হামলা চালায়। মোহামঞ্চদ আলী বলেন, ‘ঘটনার কয়েক দিন আগে থেকেই চাঁদাবাজেরা মুঠোফোনে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমার বাড়িতে বোমা হামলা চালায়।’চাঁদা না পেয়ে ১৫ আগস্ট রাতে ব্যবসায়ী কামরুল ইসলাম মোড়লের বাড়িতে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। কামরুল ইসলাম মোড়ল বলেন, ‘দুই লাখ চাঁদা দাবির ঘটনাটি আমি পুলিশকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ কামরুল ইসলামের স্ত্রী জোসনা বেগম বলেন, ‘বোমা হামলার পর থেকে ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। রাতে ঘরে থাকতেও ভয় লাগছে।’সর্বশেষ মঙ্গলবার রাতে গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলাম সরদারের বাড়িতে বোমা হামলা হয়। তিনি বলেন, ‘চাঁদাবাজেরা ঘটনার দুই দিন আগে থেকে আমার কাছে মুঠোফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি আমি পুলিশকে জানাই। এরপর আমার বাড়িতে বোমা হামলা হয়। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক বলেন, ‘দলের অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির ওই দুই নেতা খুন হয়ে থাকতে পারেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে ওই একটি মাত্র এলাকায় চাঁদা দাবি ও বোমা হামলার ঘটনা কেন ঘটছে, তা বুঝতে পারছি না। তা ছাড়া, যাঁদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে, তাঁরা যে খুব বড় মাপের ব্যবসায়ী, তাও নয়। রাতে মহল্লায় মহল্লায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভ্রাম্যমাণ টহলও থাকবে।’