অটোরিকশা চালককে খুনের দায়ে চারজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে মো. ইউসুফ নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে খুনের দায়ে চারজনকে ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন নুরুল আলম, আবুল কালাম, মো. রুবেল ও মো. কাউসার। কাউসার ছাড়া বাকি তিনজন পলাতক। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আরিফুল ইসলাম ও এস এম নইমউদ্দিন। আরিফ বর্তমানে পলাতক।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ৩ মে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে আনোয়ারা যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশাটি ভাড়া করেন আসামিরা। ওই দিনই বোয়ালখালীর পশ্চিম গুমদণ্ডি এলাকায় ইউসুফকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে তাঁরা অটোরিকশাটি নিয়ে চলে যান। পরে সাতকানিয়া থেকে পাঁচজনকে স্থানীয় লোকজন আটক করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই হাতেমতাই বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।