খুন করে গুম করার মামলায় সাতজনের যাবজ্জীবন
সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী নূর মিয়া হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ দিলীপ কুমার দেবনাথ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ছাতক উপজেলার জামুরা গ্রামের হাসন মিয়া, একই গ্রামের নাজিম উদ্দিন, আক্তার হোসেন, বাদশা মিয়া, মো. জাবেদ, আবদুল মালেক ও কালামউদ্দিন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৮ সালের ৩ অক্টোবর রাতে রহমতপুরের ব্যবসায়ী নূর মিয়া (৩৫) বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার তিন দিন পর নূর মিয়ার লাশ নদী থেকে উদ্ধার করে ছাতক থানার পুলিশ।ছাতক থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারের জন্য মামলাটি সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরে উচ্চমহলের আদেশে ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ওই বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। বিচারে ২২ জনের দেওয়া সাক্ষ্য-প্রমাণে হত্যা ও গুম করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দেড় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।