খুন করে প্রকাশ্যে ঘুরছেন সরকারদলীয় সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকারি দলের একজন সাংসদ মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দলের লোক অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না। অথচ সাংসদের এই ঘটনার পর প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কেবলই লোক দেখানো। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় লোকজন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের মারধর, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও টেন্ডারবাজি করে আসছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্তমান সরকারকে স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও ব্যর্থ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, সারা দেশকে আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। এ সরকারের অধীনে মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। দেশের মানুষ এক দুঃসহ জীবনযাপন করছে। এদের হাত থেকে মানুষকে বাঁচাতে ঈদের পরই নতুন আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এ জন্য দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।খালেদা জিয়া বলেন, সরকার জনগণকে গ্যাস, পানি ও বিদ্যুৎ দিতে পারে না। তারা দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে। এরা ক্ষমতায় থাকলে ভবিষ্যতে আর কী কী বন্ধ করে দেবে, তার কোনো ঠিক নেই।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বিএনপির ইফতার আয়োজনের মূল ভূমিকা পালন করেন। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এতে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ইফতারে উপস্থিত ছিলেন।