খুন-গুম-অপহরণের বিরুদ্ধে খালেদার 'রেড অ্যালার্ট'
সারা দেশে ‘সাংগঠনিক রেড অ্যালার্ট’ জারি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, ‘যারা গুম করতে আসবে, ঘেরাও করে আটকে রাখবেন, র্যাব হোক, পুলিশ হোক, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।’
মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার শ্রমিক দল আয়োজিত সমাবেশে খালেদা জিয়া একথা বলেন। সরকারের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, খুন-গুমে জড়িত থাকার অভিযোগ এনে তিনি বলেন, প্রতিদিন মানুষ গুম হচ্ছে। লাশ ভেসে উঠছে। নদীতে লাশ, বন-জঙ্গলে লাশ। সবখানে শুধু লাশ আর লাশ। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজপথে নামার কথা জানান এবং নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সারা দেশে সাংগঠনিক রেড অ্যালার্ট জারি করলাম। সময়মতো ডাক পড়লে হাজির হবেন।’
নারায়ণগঞ্জে সাতজন গুম ও পরে খুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায় চাপিয়ে খালেদা জিয়া বলেন, ‘হাসিনাকে এর জবাব দিতে হবে। কারণ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁকে দায় নিতে হবে।’ বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম গুমের ঘটনা এ সময় তিনি তুলে ধরেন।
যুবলীগের নেতার নির্দেশে জঙ্গি ছিনতাইয়ের সংবাদ উদ্ধৃত করে খালেদা জিয়া বলেন, ‘আবদুর রহমান কার দুলাভাই ছিল? মির্জা আজমের। মির্জা আজম কি বিএনপি করে? আওয়ামী লীগ করে। তাহলে কাদের সঙ্গে জঙ্গি?’
সমাবেশের একেবারে শেষ পর্যায়ে সমাবেশস্থলে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় খালেদা জিয়া বক্তব্য দিচ্ছিলেন। তাৎক্ষণিক তিনি বলেন, ‘সমাবেশে বেইমান ঢুকেছে, গন্ডগোল করার চেষ্টা করছে। দালালরা আসবে, তাদের ধরে চ্যাপ্টা করে ফেলবেন।’
সমাবেশে অন্যদের মধ্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান প্রমুখ বক্তব্য দেন।