খুন-গুম বন্ধের দাবি ১৯-দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক খুন ও গুম বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট। এ ছাড়া বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করে তারা।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ১৯-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের সিদ্ধান্ত প্রস্তাবে এসব দাবি জানানো হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের সিদ্ধান্তে সব খুন ও গুমের ঘটনায় নিন্দা জানানো হয়। আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তিরও দাবি জানানো হয়। সিদ্ধান্তে বলা হয়, সম্প্রতি ‘অবৈধ’ সরকার দ্বিতীয় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। ফলে কৃষি, শিল্প ও মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। সভায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
বৈঠকের প্রস্তাবে বলা হয়, ভারত তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করায় উত্তরাঞ্চলে প্রায় তিন কোটি মানুষের জীবন ও জীবিকার ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে কৃষিতে, বোরো উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বৈঠকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদ ও তিস্তা নদীর পানি চুক্তি করতে সরকারের ব্যর্থতার নিন্দা জানানো হয় এবং অবিলম্বে বাংলাদেশের হিস্যা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
বৈঠকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিতে ২২ ও ২৩ এপ্রিল তিস্তা ব্যারাজ অভিমুখে বিএনপির লংমার্চ ও সমাবেশের কর্মসূচিতে ১৯ দল সংহতি প্রকাশ করে।
সিদ্ধান্তে বলা হয়, সরকার নির্বাচন কমিশনের সহায়তায় উপজেলা নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে।