খুন-গুমে জীবন যাচ্ছে নূর হাজির পরিবারের
জাহাঙ্গীর আলমসহ তাঁর শ্বশুরকুলের একাধিক সদস্য হত্যা মামলার আসামি। মাদক ব্যবসার অভিযোগ ছিল প্রায় সবার বিরুদ্ধে। শ্বশুর নূর মোহাম্মদ ওরফে নূর হাজি ও ভায়রা আবদুল মান্নান গুম হয়েছেন। এক শ্যালক মামুন অতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন। আরেক শ্যালক মিন্টু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হয়ে ফেরার। সর্বশেষ এই পরিবারের জামাতা জাহাঙ্গীর আলমকে গত শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়।
কোরবানির পশুর হাটের ইজারা, রাজনৈতিক আধিপত্যসহ কয়েকটি কারণে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভাব্য কমিটির সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো।
শনিবার রাতে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে বাসার ফটকে গাড়ি থেকে নামার সময় অস্ত্রধারী দুই তরুণ জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করে। তাঁর শ্বশুর নূর মোহাম্মদ ওরফে নূর হাজি ২০১১ সালে গুম হওয়ার পর থেকে জাহাঙ্গীর আগারগাঁও এলাকার মাদক ব্যবসাসহ বিভিন্ন বৈধ-অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। তিনি বিয়ের পর থেকে ২০০/৪ পশ্চিম আগারগাঁওয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। এই বাড়ির সামনেই তিনি খুন হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী পারভীন ও তিন বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। বাসার সামনে গাড়িটি দাঁড়ানো মাত্রই থ্রি কোয়ার্টার প্যান্ট পরা দুই তরুণ তাঁকে গুলি করে হেঁটে চলে যায়।
গাড়িচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম গুলি হওয়ার পর তিনি ভেবেছিলেন গাড়ির চাকা ফেটেছে। এরপর পেছনে জাহাঙ্গীরের চিৎকার শুনে তিনি দেখেন একজন তাঁকে গুলি করছে। জাহাঙ্গীর দরজা খুলে দৌড় দেন। এ সময় যুবকেরা তাঁকে আরও কয়েকটি গুলি করে হেঁটে চলে যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে। পেশাদার খুনিরাই জাহাঙ্গীরকে হত্যা করেছে বলে মনে হচ্ছে। জাহাঙ্গীর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং মাদক ব্যবসায়ী সামাদ হত্যা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার বেশ কিছু অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর হত্যার ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব, পশুর হাট নিয়ে দ্বন্দ্ব, নূর হাজির পরিবারের সম্পত্তি নিয়ে দ্বন্দ্বগুলো খতিয়ে দেখা হচ্ছে। জাহাঙ্গীরের পরিবার গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত মামলা না করলেও হত্যার সম্ভাব্য কয়েকটি কারণ পুলিশকে জানিয়েছে। এর মধ্যে পশুর হাট নিয়ে দ্বন্দ্ব উল্লেখযোগ্য। পুলিশ সেগুলোও খতিয়ে দেখছে।
পরিবারজুড়ে গুম-খুন: ২০১১ সালের ১৪ জানুয়ারি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খুন হন। এ ঘটনার এক সপ্তাহ আগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর হাজি গুলিবিদ্ধ হন। হাসপাতালে বসেই তিনি ফজলুল হককে হত্যার পরিকল্পনা করেন বলে ওই মামলায় গ্রেপ্তার হওয়া একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই বছরেরই ২০ অক্টোবর রাতে সাভারের কাতলাপুর পালপাড়ার বাসা থেকে নূর হাজিকে ধরে নিয়ে যান ‘প্রশাসনের লোক’ পরিচয়ধারীরা। ৩ ডিসেম্বর একইভাবে রাজধানীর শ্যামলী থেকে নিখোঁজ হন নূর হাজির মেয়ে স্বপ্নার স্বামী আবদুল মান্নান ও তাঁর বন্ধু ইকবাল। আগে থেকেই আগারগাঁওয়ের বিএনপি বস্তি ও আশপাশের এলাকায় শ্বশুর নূর হাজির গড়ে তোলা মাদক ব্যবসা দেখাশোনা করতেন জাহাঙ্গীর আলম। নূর হাজি, মান্নান নিখোঁজের পরে মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন তিনি। পশ্চিম আগারগাঁও কাঁচাবাজার কমিটি এবং মমতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছিলেন জাহাঙ্গীর।
সূত্রগুলো জানায়, নূরু হাজির চার ছেলের মধ্যে মিন্টু নামের একজন বেঁচে আছেন। মিন্টু আগে আগারগাঁওয়ে মাদকের আস্তানা চালাতেন। বর্তমানে তিনি বিদেশে পলাতক।
নূর হাজির ছয়তলা ওই বাড়ির তত্ত্বাবধায়ক শাহ আলম জানান, ২০০৯ সালে নূর হাজির ছেলে মামুনকে অতিরিক্ত মাদক সেবনে হত্যা করে প্রতিপক্ষ। যদিও এলাকাবাসী জানান, মামুন মাদকসেবী ছিলেন, অতিরিক্ত সেবনে তিনি মারা যান। নূর হাজির দুই ছেলে বাঘা ও মো. আলী অসুস্থতার কারণে মারা যান।
কোরবানির পশুর হাট নিয়ে দ্বন্দ্ব: এবার আগারগাঁও কোরবানির পশুর হাটের দরপত্র কিনেছেন এমন এক ব্যবসায়ী বলেন, ‘নূর হাজি বেঁচে থাকতে আগারগাঁও এলাকার কোরবানির পশুর হাটের ইজারা অন্য কেউ নিতে পারেননি। শুধু হাট না, সিটি করপোরেশনের কোনো কাজ আগারগাঁও-তালতলা এলাকায় আমরা করতে পারিনি। বালু পর্যন্ত নূর হাজির লোকজন তুলে নিয়ে যেত।’
নূর হাজি নিখোঁজের পরে ২০১২ সালে জাহাঙ্গীর আগারগাঁও পশুর হাটের ইজারা নেন। গত বছর ফোরকান নামের এক ব্যক্তি দুই কোটি ১৬ লাখ টাকায় এই হাটের ইজারা নিয়েছিলেন। তখন জাহাঙ্গীর দর দিয়েছিলেন এক কোটি ৯৬ লাখ টাকা। মমতা মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, গত বছর আগারগাঁও হাটে প্রায় ৬০ হাজারের বেশি গরু বিক্রি হয়। হাট থেকে আয় হয়েছিল ১০ কোটির বেশি টাকা। তাই এবার জাহাঙ্গীর হাটের ইজারা পাওয়ার জন্য মরিয়া ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল পশুর হাটের দরপত্র বিক্রির শেষ দিন ছিল। আজ সোমবার দরপত্র জমা ও বাক্স খোলার কথা রয়েছে।