খুন-ডাকাতির প্রতিবাদে রাজশাহীবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক খুন এবং এম রায় জুয়েলারিতে ডাকাতি—এই তিন ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন।
নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সকাল ১০টা থেকে সাড়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র রাজশাহী মহানগর কমিটি যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, ব্যবসায়ী, ছাত্রসহ নারী সংগঠনের নেতা ও পেশাজীবীরা অংশ নেন। মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
বক্তারা রাজশাহীর নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও তুলে ধরে বলেন, শান্তির শহর রাজশাহীতে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে পুলিশকে কাজ করতে হবে। পুলিশ অপরাধীদের না ধরে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করার কারণেই রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ নাজুক অবস্থায় নেমে এসেছে বলেও অভিযোগ করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, আওয়ামী লীগ নেতা মঞ্জুর হাসান, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম প্রমুখ।
গত ২২ এপ্রিল নগরের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়। ২৩ এপ্রিল নিজ বাসার কাছে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। পরের দিন ২৪ এপ্রিল কার্যালয়ে খুন হন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক জিয়াউল হক। সর্বশেষ গত বৃহস্পতিবার নগরের গণকপাড়া মোড়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।