খুন হওয়া তরুণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছাত্রাবাসে খুন হওয়া তরুণের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর নাম শাহাদাত হোসেন। বাবার নাম লোকমান হোসেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীপুর এলাকায়।
খুনের ২৮ ঘণ্টা পর পত্রিকার খবরের সূত্র ধরে গত শনিবার রাত ১২টার দিকে শাহাদাতের আত্মীয়স্বজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করে।
গত শুক্রবার রাত আটটার দিকে রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির ছাত্রাবাসে ডেকে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে শাহাদাতকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই এলাকাবাসী চার ছাত্রকে আটকের পর পুলিশে সোপর্দ করে। আটক ছাত্রদের মধ্যে দুজন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানা গেছে, শাহাদাত হোসেনের বাবা একজন স্কুলশিক্ষক। গতকাল রোববার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে তাঁর সঙ্গে কথা হয়। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। এর মধ্যে ছেলে মেজো। তেরখাদিয়া এলাকায় একটি বাড়ি করেছেন। সেখানে বড় বোনের সঙ্গে শাহাদাত থাকতেন। দুই বছর আগে বোনের চাকরি হয়ে চলে গেলে তিনি একাই থাকতেন এবং বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন।
লোকমান হোসেন জানান, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর আর শাহাদাতকে ফোনে পাওয়া যায়নি।
শাহাদাতের লাশ পাওয়ার খবর শুনে তাঁকে একনজর দেখার জন্য গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভিড় করেন। এ সময় সহপাঠীরা সবাই ছিলেন অশ্রুসিক্ত।
গতকাল দুপুর ১২টার দিকে শাহাদাতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাঁর গ্রামের বাড়ি বন্যাকবলিত হওয়ায় জানাজা শেষে গতকাল বিকেলে রাজশাহী নগরের হেতেম খাঁ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, শনিবার এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) এ এম ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।