খুন হওয়ার দেড় ঘণ্টা আগে...
রাজশাহী নগরের কোর্ট হড়গ্রাম এলাকার আবদুল কুদ্দুস (৩৫)। জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন তিনি। এর দেড় ঘণ্টার মধ্যে খুন হন কুদ্দুস।কুদ্দুসের পারিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী মো. একরামুলের (৬৫) সঙ্গে বিরোধ চলছিল কুদ্দুসের। একরামুলের লোকজন তাঁকে হত্যার হুমকি দেয়। কুদ্দুস গত সোমবার এ ব্যাপারে রাজপাড়া থানায় জিডি করতে যান। কিন্তু পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি আবারও থানায় যান জিডি করতে।কুদ্দুসের বড় ভাই আবু সিদ্দিক অভিযোগ করেন, পুলিশ গতকালও লোক পাঠানোর কথা বলে জিডি না নিয়ে তাঁর ভাইকে ফিরিয়ে দেয়। কুদ্দুস বাড়ি ফিরে যাওয়ার কিছুক্ষণ পর প্রতিপক্ষ একরামুল তাঁর দুই ছেলে রাসেল ও মনির, জামাই লিটনসহ ১০-১২ জন লোক নিয়ে কুদ্দুসের বাড়িতে হামলা চালান। বাধা দিতে গেলে কুদ্দুসের মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর একটার দিকে তিনি মারা যান।এ ব্যাপারে জানতে একরামুল ও তাঁর ছেলেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হোসেন গতকাল রাত নয়টায় জানান, মামলার প্রস্তুতি চলছে। একরামুল ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন স্বীকার করেন, আবদুল কুদ্দুস থানায় জিডি করতে এসেছিলেন। তিনি দাবি করেন, জিডি নিয়ে তাঁরা একরামুলের কাছে নোটিশও পাঠিয়েছেন।