খুন হয়েছে রোমেচা শিক্ষক গ্রেপ্তার
মাগুরা শহরের কলেজপাড়ায় গৃহপরিচারিকা রোমেচা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে লাশের ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড গত সোমবার প্রতিবেদন দাখিল করেছে।মাগুরা শহরের কলেজপাড়ায় স্কুলশিক্ষক মাহমুদা খাতুনের (৩৫) বাসা থেকে ৪ জানুয়ারি বিকেলে গৃহপরিচারিকা রোমেচা খাতুনের (১১) লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতে তার মা জবেদা খাতুন সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় মাহমুদা খাতুনসহ পাঁচজনকে আসামি করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার গৌরীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা খাতুন পাঁচ বছর ধরে কলেজপাড়ায় ভাড়া বাড়িতে রয়েছেন। ৪ জানুয়ারি বিকেলে মাহমুদা খাতুনের চিৎকারে প্রতিবেশীরা তাঁর ঘরে গিয়ে দেখে, কাঠের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো রোমেচার লাশ ঝুলছে। ওই দিন সন্ধ্যায় লাশটি তাঁর মামাতো ভাই আমিরুল ইসলামের (৩৬) সহযোগিতায় অন্যত্র সরিয়ে নেওয়ার সময় প্রতিবেশীরা তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ওই শিক্ষক ও তাঁর মামাতো ভাইকে আটক করে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিমাই দেবনাথ বলেন, জিজ্ঞাসাবাদের পর আমিরুলকে ছেড়ে দেওয়া হয়েছে। রোমেচাকে শ্বাসরোধে হত্যার কথা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। মাহমুদা খাতুনকে জিজ্ঞাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।মাহমুদা খাতুন বলেন, ‘ওই দিন পৌনে পাঁচটার দিকে স্কুল থেকে বাসায় ফিরে দেখি, রোমেচা ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’