রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে মা-বাবার সামনে ছেলে বখতিয়ার মো. লতিফকে (২০) গুলি করে হত্যার ঘটনায় খুনসহ ডাকাতির মামলা হয়েছে। গত শুক্রবার রাতে বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে এ মামলা করেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল শনিবার মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ৯৬ উত্তর যাত্রাবাড়ীর বাসায় ঢুকে কয়েকজন অস্ত্রধারী ‘এ’ লেভেল পড়ুয়া বখতিয়ারকে হত্যা করে।
গতকাল দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, যে কক্ষে গুলিবিদ্ধ হয়েছেন বখতিয়ার, ওই কক্ষের বিছানায় বসে অঝোরে কাঁদছিলেন বাবা জাহিদ। অ্যালবামে থাকা বখতিয়ারের পুরোনো ছবিগুলো দেখিয়ে স্মৃতিচারণা করে আরও কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। বলছিলেন, ‘আমার বাসায় গত ৫০ বছরে চুরি পর্যন্ত হয়নি। বাসায় কিছু হিংস্র কুকুর থাকে। অপরিচিত কেউ এলে সেগুলো চিৎকার-চেঁচামেচি করে। এ কারণে বাড়ির নিরাপত্তার ওপর এত জোরও দেইনি।’
ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, ‘এখনো নিশ্চিত নই। তবে ডাকাতি করতে এসে খুন অথবা খুন করতে এসে ডাকাতি—এ দুটির যেকোনো একটি হবে। হত্যায় কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’