নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের আড়াই বছর পূর্তি উপলক্ষে আলোকশিখা প্রজ্বালন ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয়। এ সময় ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, ‘আড়াই বছরেও ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র না দেওয়ায় সরকারের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। ত্বকী হত্যার বিচার বন্ধ রেখে গণতন্ত্র ও সুশাসনের কথা তাদের মুখে মানায় না। ১৬ কোটি মানুষকে উপেক্ষা করে সরকার গডফাদারের পক্ষে অবস্থান নিতে পারে না। মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সরকারের কাছে আমরা সুশাসন ও গণতন্ত্র আশা করি।’ তিনি বলেন, দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে হত্যাকাণ্ডের বিচার স্থগিত রাখা যায়, কিন্তু বন্ধ করা যায় না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারই তার প্রমাণ। সেই উদাহরণের দিকে তাকিয়ে ত্বকীর হত্যাকারীদের বিচার করবে এ দেশের জনগণ। শুধু ত্বকী নয় চঞ্চল, আশিক, ও ভুলুসহ সব হত্যাকাণ্ডের রহস্য একদিন স্পষ্ট হবেই।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘রাসেল যেমন আপনার ভাই, বঙ্গবন্ধু আপনার পিতা, তেমনি নিহত ত্বকীও কারও ভাই, কারও সন্তান। রাসেল ও ত্বকীকে বিচ্ছিন্নভাবে দেখবেন না। এই হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ করুন। হত্যাকাণ্ডের বিচার করুন। যাতে আমরা বলতে পারি, আমরা বিচার পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। সম্প্রতি আমাদের বাড়িতে বাড়িতে অচেনা লোকজন আসা-যাওয়া করছে। বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে। আমরা বলে রাখছি, কোনো আঘাত এলে আমরাও প্রত্যাঘাতের জন্য প্রস্তুত আছি। আমরা কাউকে ভয় পাই না। আমরা আমাদের আদর্শকে ভয় পাই।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, শ্রুতি সাংস্কৃতিক একাডেমীর ধীমান জুয়েল, বাসদের সাবেক জেলা সমন্বয়ক আবু নাঈম খান, কমিউনিস্ট পার্টির নেতা দুলাল সাহা ও নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী।
সমাবেশ শেষে শহীদ মিনারের বেদিতে শিখা প্রজ্বালন এবং সমবেত স্বরে ‘আগুনের পরশমণি’ সংগীত পরিবেশন করা হয়।