
বগুড়ার স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডে জড়িত খুনি ও চক্রান্তকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খুনিদের বিচার চাওয়া মানে প্রতিহিংসা নয়। খুনিদের বিচার চাওয়া মানে প্রতিপক্ষকে ঘায়েল করা নয়। খুনিদের বিচার চাওয়া মানে খুনোখুনি বন্ধ করা। খুনিদের বিচার চাওয়া মানে আইনের শাসন প্রতিষ্ঠা করা। মাশুকের মতো আর যেন কেউ খুন না হয়, এ জন্য এই হত্যার বিচার চান তিনি। কারণ খুনিদের বিচার না হলে, সাজা না হলে খুনের ঘটনা চলতেই থাকবে।
পুলিশের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে সরকারের ভাবমূর্তি ভালো হয়। প্রশাসন পক্ষপাতিত্ব করলে সরকারের বদনাম হয়। সেই বদনামের ভাগীদার হবেন না। সরকারের একজন মন্ত্রী হিসেবে বলছি, মাশুকের খুনি ও নেপথ্যের চক্রান্তকারীদের ধরেন। কেউ উসকানি দিয়ে থাকলে গ্রেপ্তার করুন। কারাগারে পাঠান। জড়িতদের ফাঁসির দড়িতে ঝোলান। আমরা কারও বাড়িতে আগুন দিইনি। হামলা করিনি। খুনের বিচার চেয়ে আপনার ওপর ভরসা রেখেছি। এই খুনের বিচার চাইতে দ্বিতীয়বার যেন এই বগুড়ায় না আসতে হয়। বিচার না পেলে আমরা পুলিশ কার্যালয় ঘেরাও করব।’
গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বগুড়া শহরের মাটিডালি এলাকায় জাসদের কেন্দ্রীয় নেতা ইমদাদুল হকের ছেলে মাশুক ফেরদৌসের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তথ্যমন্ত্রী।
বগুড়া জেলা জাসদের সহসভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে মাশুক ফেরদৌসের বাবা জাসদ নেতা ইমদাদু হক ছেলে হত্যা মামলার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে করানোর দাবি করেন। তিনি বলেন, সরকারের কাছে একটাই দাবি, সিআইডির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দড়িতে ঝোলানো হোক।
সমাবেশে জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহসম্পাদক রোকনুজ্জামান, কেন্দ্রীয় সদস্য আবদুল হাই তালুকদার, বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ পশারি প্রমুখ বক্তব্য দেন।
ইমদাদুল হকের ছেলে এবং শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুক ফেরদৌসকে ১৩ মে সন্ধ্যায় শহরের মাটিডালি হাজিপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ইমদাদুল হক বাদী হয়ে মাটিডালি উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ এবং তাঁর ছোট ভাই শহরের ১৭ ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।