প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী, খুনি, আর রাজাকারদের নিয়ে জোট গঠন করেছে বিরোধী দল। তাদের জোটের একজন সাত খুনের আসামি। খুনিদের নিয়ে যাঁরা রাজনীতি করেন, তাঁদের সঙ্গে যাঁরা জোট গঠন করেন, হত্যা-গুম তাঁদেরই চরিত্র।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে ছাত্রদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়েছেন। তাদের আদর্শহীন করে বিপথে চালিত করেছেন। মদের লাইসেন্স দিয়েছেন। এক হাতে মদের গ্লাস আরেক হাতে বিসমিল্লাহ বলে তাঁরা দেশ চালিয়েছেন। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে নিজে দুর্নীতি করেছেন। ছেলেদের দুর্নীতিবাজ বানিয়েছেন। যিনি নিজের ছেলেদের দুর্নীতির শিক্ষা দেন তিনি দেশের জন্য কী উন্নতি করবেন। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, এইচ টি ইমাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মাহাবুব উল আলম হানিফ প্রমুখ।কৃষক লীগের আলোচনা: এর আগে সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এপিএসের কারণে মন্ত্রীর পদত্যাগ করার নজির বাংলাদেশে নেই। আওয়ামী লীগ এই নজির স্থাপন করেছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থাকতে খালেদা জিয়ার এপিএস শামসুল আলম দুর্নীতি করলেও তিনি পদত্যাগ করেননি। এখন বিরোধী দলের নেত্রীর এপিএসের দুর্নীতির কথা তো কেউ পত্রিকায় লিখছেন না।’ তানজিম আহমেদ সোহেল তাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাজও পদত্যাগ করেছেন। কিন্তু আমরা তা রাষ্ট্রপতির কাছে পাঠাই নাই। তাই তিনি এখনো দপ্তরবিহীনমন্ত্রী রয়ে গেছেন।’