নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৫১ মাস পূর্তিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, সোয়া চার বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র না দেওয়া কেবল রাষ্ট্রের উদাসীনতা নয়, নির্মমতার উদাহরণ। কখনো কখনো অপরাধের রহস্য উদ্ঘাটিত হয় না বলে সে বিচার সম্পন্ন হয় না। কিন্তু এখানে তার উল্টো। এখানে হত্যার সব রহস্য উদ্ঘাটনের কারণেই এ বিচার বন্ধ করে রাখা হয়েছে।
রফিউর রাব্বি বলেন, ‘প্রধানমন্ত্রী কয়েক মাস আগে বলেছেন, কারা ত্বকীকে হত্যা করেছে তিনি জানেন। কাদের অফিসে রক্তমাখা প্যান্ট পাওয়া গেছে তা-ও তিনি জানেন। তিনি বলেছেন, সব গোয়েন্দা সংস্থার রিপোর্ট তাঁর কাছে আছে। তিনি এর বিচার করবেন। সবকিছু জেনেও এভাবে সোয়া চার বছর বিচার বন্ধ করে রাখাকে আমরা কি করে সুশাসন বলব? আমরা রাষ্ট্রের কাছে মানবিক চরিত্র আশা করি। আমরা ত্বকী হত্যার সঙ্গে জড়িত সব হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের গ্রেপ্তার করে অভিযোগপত্র প্রদানের নির্দেশ দেওয়ার জন্য আবারও প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।’
জিয়াউল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ত্বকী হত্যার বিচার করবেন। আমরা আশা করি, প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন।’
২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। সে সময় থেকে বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট কর্মসূচি পালন করে আসছে।