খুনি চিহ্নিত হয়নি, আতঙ্কে বনপাড়া খ্রিষ্টানপল্লির মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত সুনীল গোমেজ
নিহত সুনীল গোমেজ

টমাস মন্টু গোমেজ। বয়স ৬৫। বাড়ি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিষ্টানপল্লিতে। বাড়ির কাছেই রাস্তার পাশে তাঁর ছোট মুদি দোকানটি বন্ধ। একই পল্লিতে ৫ জুন আরেক মুদি দোকানি সুনীল গোমেজকে তাঁর দোকানে কুপিয়ে হত্যা করার পর থেকে মন্টু গোমেজ নিজের দোকান বন্ধ রেখেছেন। মন্টু গোমেজ জানালেন, তাঁদের সবার আশঙ্কা, খ্রিষ্টানপল্লিতে আবারও গুপ্তহত্যার ঘটনা ঘটতে পারে। এ কারণে তিনি দোকান খোলার সাহস পাচ্ছেন না। স্বজনেরা দোকান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
খ্রিষ্টানপল্লির অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, মন্টুর মতো সেখানকার বাসিন্দারা দুশ্চিন্তায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এত দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা ঘটনার কূলকিনারা করতে না পারায় অনেকে ক্ষোভ জানান।
খ্রিষ্টানপল্লির সহসভাপতি বেনেডিক গোমেজ প্রথম আলোকে বলেন, দিনে দোকানে বসে থাকা অবস্থায় ৬০ বছরের একজন মানুষ খুন হলেন। দুই সপ্তাহ পার হলেও এখনো খুনিরা শনাক্ত হয়নি। কেন, কারা সুনীল গোমেজকে হত্যা করল, তার কোনো তথ্য এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
সুনীলের বাড়ির ঠিক সামনের বাড়িতে থাকেন কলেজশিক্ষক সেলিম রেজা। তিনি বলেন, ‘আমাদের মহল্লা বনপাড়ার সবচেয়ে আদর্শ মহল্লা। এই রাস্তা দিয়ে রাতদিন আমরা নির্বিঘ্নে চলাফেরা করে আসছি। কোনো দিন ভাবতেও পারিনি এখানে এত বড় ঘটনা ঘটবে। সুনীল খুন হওয়ার পর থেকে সন্ধ্যা নামলে কেউ এই রাস্তা দিয়ে একা চলাচল করতে সাহস পাচ্ছে না। খুব প্রয়োজন না থাকলে আমরা বাড়ি থেকে বের হচ্ছি না।’
বনপাড়া খ্রিষ্টানপল্লিতে গিয়ে জানা যায়, গির্জার রাস্তার দুই ধারে কালো পতাকা উড়ছে। সুনীলের বাড়ির সামনে ঝোলানো রয়েছে হত্যার প্রতিবাদে লেখা ব্যানার, পোস্টার। বাড়িতে ঢুকে জানা গেল, সুনীলের স্ত্রী এখন আর বাড়িতে থাকেন না। তিনি পাশে মেয়ের বাড়িতে থাকেন। বাড়ির তিন ভাড়াটের মধ্যে দুজনকে পুলিশ সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তাঁরা হলেন সবুজ আলী ও মণি বেগম। আরেক ভাড়াটে সুরাইয়া বেগমকে পাওয়া গেল। তিনি প্রথম আলোকে বলেন, এক বছর ধরে তাঁরা এ বাড়িতে আছেন।
সুনীলের মেয়ে স্বপ্না গোমেজ বলেন, তাঁর বাবা বাড়ির ভেতরের দরজা লাগোয়া নিজ দোকানে ঢুকতেন। সব সময় ভেতরের দরজাটি খোলা থাকত। কিন্তু ঘটনার দিন তিনি সেখানে গিয়ে ওই দরজা বাইরে থেকে লাগানো দেখেছেন। তাঁর সন্দেহ, ঘাতক চক্রের কেউ বাড়ির ভেতরে ঢুকে দরজাটি লাগিয়ে দিয়েছিল। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুই ভাড়াটেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে কি না, তা তাঁকে তদন্ত কর্মকর্তা জানাননি।
স্বপ্না বলেন, দুজন ভ্যানচালক প্রথমে তাঁর বাবাকে কুপিয়ে ফেলে রেখে যাওয়ার ঘটনাটি দেখেন। তাঁদের একজন চিৎকার করে সবাইকে ডাকেন। আরেক ভ্যানচালক না দাঁড়িয়ে চলে যান। এটা তাঁদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
নিহত সুনীল গোমেজের ভাই প্রশান্ত গোমেজ বলেন, আঘাতের ধরন দেখে মনে হয়, এটা জঙ্গিদের হামলা হতে পারে। তবে অন্য কেউ ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্যও এমনভাবে আঘাত করতে পারে। তাই তদন্তে সব বিষয়কে বিবেচনায় রাখার অনুরোধ করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই প্রথম আলোকে বলেন, তিনি সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছেন। তবে স্পর্শকাতর মামলা হওয়ায় তিনি সতর্কতার সঙ্গে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।