খুনি-সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে চাই। কিন্তু যারা মানুষ খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা করে তাদের সঙ্গে কোনো আপস নয়। স্বাধীনতার পর থেকে ওসমান পরিবার যতগুলো খুন করেছে আমরা প্রতিটি খুনের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে মেয়র এসব কথা বলেন। হত্যাকাণ্ডের নয় মাস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সমাবেশে আইভীর বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমানের ক্যাডাররা মিছিল নিয়ে শহীদ মিনারের পাশের রাস্তা প্রদক্ষিণ করে ও উসকানিমূলক স্লোগান দেয়। মিছিলে নেতৃত্ব দেন শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
সংসদ নির্বাচনে শামীম ওসমানের দলীয় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে আইভী বলেন, ‘দলে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও খুনিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে না পারলেও নারায়ণগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে খুনিদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। নারায়ণগঞ্জবাসী ভয় পাবেন না, তাঁদের অন্যায়ের বিরুদ্ধে আমি আপনাদের পাশে থাকব।’
আইভী অভিযোগ করেন, শামীম ওসমান মনোনয়ন পাওয়ার পর থেকে তাঁর ক্যাডাররা গাবতলীসহ ফতুল্লার বিভিন্ন স্থানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শামীম ওসমানের প্ররোচনায় পুলিশ যদি কাউকে মিথ্যা মামলায় হয়রানি করে তাহলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ প্রমুখ।