খুনি সন্দেহে গ্রেপ্তার দুই শিশুকে হাজির করার নির্দেশ
অজ্ঞাতপরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় খুনি সন্দেহে গ্রেপ্তার দুই শিশুকে ২৯ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেওয়া হয়।
এক রুলের ওপর শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত ২৪ নভেম্বর ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেপ্তার’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে ২৪ নভেম্বর রিট করেন আইনজীবী ও চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হালিম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৯ নভেম্বর আদালত রুলসহ ওই দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কি না, সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ওই আদেশ অনুসারে ৪ জানুয়ারি পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ও কামরাঙ্গীরচর থানার ওসি এ-সংক্রান্ত প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের ওপর গতকাল শুনানি শেষে আদালত দুই শিশুকে হাজির করার নির্দেশ দিয়েছেন। আমার জানামতে এক শিশু জামিনে আছে।’