খুনি স্টিকার লাগিয়ে বিপাকে সিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসায় ঢুকে মা-মেয়ে খুনের মামলার আসামি আবু রায়হান (২৫) ও তাঁর সহযোগী মোহাম্মদ শহিদের (২৬) বুকে খুনি লিখে স্টিকার লাগিয়ে গণমাধ্যমের সামনে জবানবন্দি দেওয়ার সুযোগ করে দেওয়ায় বিপাকে পড়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিএমপির কমিশনারকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠি পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার লিখিতভাবে সিএমপির সব শাখাকে সতর্ক করেন সিএমপির কমিশনার।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সদর দপ্তর থেকে চিঠি পাওয়ার পর আসামিদের গণমাধ্যমের সামনে হাজির করতে সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। আশা করি, ভবিষ্যতে এ ধরনের কিছু হবে না।’