খুনিকে নিরাপত্তা দিতে হবে, দুর্ভাগ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদে প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
সংসদে প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যিনি মানুষ খুন করছেন, তাঁকে নিরাপত্তা দিতে হবে, এমনই দুর্ভাগ্য আমার।’

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির না হওয়া প্রসঙ্গে আজ বুধবার সংসদে সম্পূরক প্রশ্ন করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ। এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, খুনের বিচার দেশের প্রচলিত আইনে হবে। আর আইন-আদালত যদি কেউ অবমাননা করেন, তাহলে আদালত যে নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না বিএনপি নেত্রী কেন আদালতে গেলেন না। তাঁর নাকি নিরাপত্তার অভাব। তাঁর আইনজীবী বলেছেন, নিরাপত্তা দিতে হবে। যিনি মানুষ খুন করছেন, পেট্রলবোমা মারছেন, তাঁকে নিরাপত্তা দিতে হবে, এমনই দুর্ভাগ্য আমার। তার পরও যাতে আইনের শাসনটা চলে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরও তিনি গেলেন না। তাঁর বিরুদ্ধে আইনের শাসনে যা আছে, সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনরোষ থেকে বাঁচার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন নিজেই গ্রেপ্তার হতে চাচ্ছেন। এখন বোধ হয় ভাবছেন, কারাগারই হচ্ছে ওনার জন্য নিরাপদ জায়গা। এতে প্রচার-প্রচারণা পাবেন, বিদেশিদের সহানুভূতি পাবেন। তিনি নাটক করতে অভ্যস্ত। নাটক করে শিরোনাম হতে চান। জঙ্গি তৎপরতা, মানুষ খুন করার কারণে তিনি মানুষের কাছে ঘৃণ্য। দেশবাসী তাঁকে প্রত্যাখ্যান করেছে। এ জন্য তিনি বের হতেই ভয় পাচ্ছেন। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, খুন করে তিনি এমন একটি অবস্থায় চলে গেছেন, তিনি নিজেই নিজেকে নিজের অফিসে অবরুদ্ধ করে রেখেছেন। নিজের নিরাপত্তার জন্য নাজিম উদ্দিন রোডেই থাকতে চান।’
উল্লেখ্য, রাজধানীর নাজিম উদ্দিন রোডে দেশের কেন্দ্রীয় কারাগার।

খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘দেশে একজন জঙ্গি নেত্রীর উত্থান ঘটেছে। এই নেত্রী আইন মানেন না, নিয়ম মানেন না, আদালত মানেন না, সংবিধান মানেন না, কিছুই মানেন না। তাঁর একটাই কাজ, জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ খুন করা। দেশ ও মানুষের ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় না নিয়ে তিনি রুদ্রমূর্তিতে আবির্ভূ‌ত হয়েছেন। দেশের রপ্তানিকে ব্যাহত করে চলেছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। তবে, আমরা দক্ষতার সঙ্গে বিষয়টি দেখছি। রপ্তানি লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না। আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।’

খালেদা জিয়া আইনের শাসন মানেন না, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তিনি কর্মদিবসে হরতাল দিচ্ছেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ধ্বংস করার চেষ্টা করছেন। নির্বিচারে মানুষ হত্যা করছেন। আদালতের প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আদালতের নির্দেশ তিনি মানবেন না। তিনি কোর্টে যাবেন না। এ ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে এর ফলাফল ভবিষ্যতে এই দাঁড়াবে যে, কেউই আদালতে যাবেন না। তিনি জানেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বর্তমানে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৯৪। ২০১৬ সালের মধ্যে ১ দশমিক ৪৩-এ নামিয়ে আনা হবে। ২০১১ সালে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। ১৯৭১ সালে এর হার ছিল ৩ শতাংশ। ১৯৭৫ সালে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ২০১১ সালে তা দাঁড়ায় ৬১ দশমিক ২ শতাংশে। ১৯৭৫ সালে প্রজনন হার ছিল ৬ দশমিক ৩। ২০১১ সালে ছিল ২ দশমিক ৩। ১৯৭৫ সালে এক বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ছিল ১৫০। বর্তমানে ৩৩।