খুনিকে পেয়েও তদন্ত করেনি পুলিশ
আজমিরা খাতুনকে (২০) যেদিন তাঁর স্বামী আবদুর রহমান (২৫) হত্যা করেন, সেদিনই তাঁকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। আবদুর রহমান ও তাঁর স্বজনদের অসংলগ্ন কথা এবং হত্যার বিভিন্ন আলামতের কারণে এলাকাবাসীর সন্দেহ ছিল, আজমিরাকে তাঁর স্বামীই খুন করেছেন। কিন্তু পুলিশ তদন্তে খুনের ঘটনা প্রমাণ করতে পারেনি। ছাড়া পেয়ে যান আবদুর রহমান।
টাঙ্গাইলের ভূঞাপুর থানার পুংলিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে ২০১৭ সালের ১৩ এপ্রিল রাতে খুন হন আজমিরা। ভূঞাপুর থানা অপমৃত্যু মামলা নেয়। ময়নাতদন্ত হয় আজমিরার লাশের। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, আজমিরা আত্মহত্যা করেছেন। পুলিশও আদালতে সেই প্রতিবেদনই দেয়।
আজমিরার দিনমজুর বাবা আদালতের শরণাপন্ন হলেন। পুলিশের আরেক তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এল, পারিবারিক কলহের জের ধরে আজমিরাকে গলাটিপে হত্যা করেছিলেন আবদুর রহমান। নৃশংসতার এখানেই শেষ নয়। আজমিরার মরদেহ মাটিচাপা দিতে তিনি বাড়ির কাছে গর্তও খুঁড়েছিলেন।
পিবিআইর তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য তাঁরা প্রথমেই আজমিরার মরদেহের ছবি সংগ্রহ করেন। ছবিতে দেখেন, আজমিরার গলায় যে দাগটি, সেটি হত্যাকাণ্ডের। এ ছাড়া ছবিতেই তাঁরা দেখতে পান, তাঁর চুলে অনেকগুলো কাঁটাযুক্ত বুনো ফল লেগে আছে।
মনিরুল ইসলাম বলেন, চুলের এই ফলের বিষয়টি তাঁদের ভাবিয়ে তোলে। ঘরে আত্মহত্যা করলে মাথায় বুনো ফল লাগানো থাকবে কেন, এই প্রশ্নের উত্তর তাঁরা খোঁজা শুরু করেন। আবদুর রহমানের বাড়ির কোথায় সেই গাছ আছে, তার সন্ধানে নামেন। খুঁজতে গিয়ে একটি ডোবার পাড়ে সেই গাছ পান। সেখানে জঙ্গলের মধ্যে দু-তিন মাস আগে খোঁড়া হয়েছিল, এমন একটি গর্তেরও সন্ধান পান তাঁরা।
আজমিরার মরদেহের সুরতহাল তৈরি করতে যে তিনজন নারী থানা-পুলিশকে সাহায্য করেছিলেন, মনিরুল ইসলাম তাঁদের খুঁজে বের করেন। তাঁরা জানান, আজমিরার শরীর ভেজা ছিল, মাথার চুলে অনেক বুনো ফল এবং মুখে সামান্য মাটি লাগানো ছিল। এর ভিত্তিতে আজমিরা ও আবদুর রহমানের স্বজন, এলাকাবাসীসহ ১৯ জনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার ঘটনা।
মনিরুল ইসলাম বলেন, আজমিরাকে হত্যার পর আবদুর রহমান, তাঁর মামা-বাবা ও বোন মিলে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে গর্ত খুঁড়ে প্রথমে তাঁরা তাঁর মরদেহ মাটিচাপা দিতে চান। কিন্তু জানাজানি হয়ে যাওয়ার ভয়ে সেখান থেকে আবার বাড়িতে নিয়ে আসেন। আজমিরাকে গোসল করান। এরপর কাপড়চোপড় পরিয়ে শোয়ার ঘরের বিছানায় রাখেন। ভোরে আজমিরার স্বজনদের ডেকে বলেন, আজমিরা আত্মহত্যা করেছেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে পিবিআইর এই কর্মকর্তা উল্লেখ করেছেন, থানার যে পুলিশ কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলেন, সেখানে তিনি আজমিরার গলায় প্রথমে কালচে রঙের দাগের কথা লিখেছিলেন। কিন্তু পরে তা ঘষামাজা করে ‘অর্ধচন্দ্রাকৃতি’ শব্দটি যুক্ত করেন। এ ছাড়া আজমিরার শরীর যে ভেজা ছিল এবং তাঁর চুলে যে বুনো ফল ছিল, তা গোপন করেন।
আজমিরার বাবা জুরান আলী শেখ ও ভাই আনসার আলী প্রথম আলোকে বলেন, আজমিরার মৃত্যুর পর এলাকার চেয়ারম্যানসহ আরও যাঁরা প্রভাবশালী ছিলেন, তাঁরা সবাই আবদুর রহমান ও তাঁর পরিবারের পক্ষ নিয়ে নেন। তাঁরা থানায় গিয়ে হত্যা মামলা নিতে বারণ করেন। পুলিশও তাঁদের কথা শোনে।
টাঙ্গাইল পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, এটি নিয়মিত মামলা না হওয়ায় তাঁরা আসামিদের গ্রেপ্তার করতে পারেননি। তদন্ত শেষে আদালতে তাঁরা যে প্রতিবেদন দিয়েছিলেন, সেখানে আসামিদের গ্রেপ্তারের অনুমতি চেয়েছিলেন। কিন্তু আদালত তাঁদের সেই প্রতিবেদনই আমলে নিয়ে বিচার শুরু করে দিয়েছেন।
ভূঞাপুর থানার সে সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাওসার চৌধুরী এখন বাসাইল থানায় কর্মরত। প্রথম আলোর কাছে তিনি মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা এসেছে বলেই তাঁরাও আত্মহত্যার প্রতিবেদন দিয়েছিলেন। খুনিকে হেফাজতে পেয়েও কেন জিজ্ঞাসাবাদ বা তদন্ত করেননি, এমন প্রশ্নের জবাবে দায়সারাভাবে তিনি বলেন, ‘এত কিছু মনে নাই, ভাই।’