খুনিকে রাষ্ট্রপতির ক্ষমায় বিচার ব্যবস্থায় আস্থা হারাবে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির কাছ থেকে খুনিরা ক্ষমা পেতে থাকলে অপরাধ করে শাস্তি না পাওয়ার দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাবে।বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর মাসিক (ফেব্রুয়ারি মাসের) মানবাধিকার প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। গত বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান লক্ষ্মীপুরের আরেকটি খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এইচ এম বিপ্লবের সাজা কমিয়ে ১০ বছর করেছেন। গত ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে গত বছর লক্ষ্মীপুরের বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় একই খুনির ফাঁসির দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। বিপ্লব লক্ষ্মীপুরের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আবু তাহেরের ছেলে।প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি ২০১০ সালের সেপ্টেম্বরে নাটোরের আলোচিত সাব্বির আহাম্মেদ গামা হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ২০ আসামির সাজা মওকুফ করেন। এর আগে বিগত বিএনপি সরকারের আমলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিন্টুকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি মওকুফ করে দেওয়া হয়েছিল।অধিকারের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় সারা দেশে নয়জন নিহত ও ৭২৭ জন আহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ১১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত এনকাউন্টার, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধে এবং দুজন নির্যাতনে মারা গেছেন। এ ছাড়া ৫ ফেব্রুয়ারি সাভার থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের দুজন কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। তাঁদের গুম করা হয়েছে বলে তাঁদের পরিবার আশঙ্কা করছে।অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত মাসে দুজন সাংবাদিক নিহত, আটজন আহত, দুজন লাঞ্ছিত হয়েছেন। গণপিটুনিতে ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। কারা হেফাজতে মারা গেছেন আরও ছয়জন। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে দেশে ৪২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছেন দুজন নারী।