খুনিকে সরকারের ক্ষমা করা রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির সমাবেশে বক্তারা বলেন, খুনিকে ক্ষমা করে খুন ও সন্ত্রাসকে উসকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিফলন ঘটিয়েছে। নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।গতকাল শনিবার নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সাংসদ রোজী কবির, আবু সুফিয়ান, মোহাম্মদ মিয়া, এম এ আজিজ প্রমুখ। আমীর খসরু বলেন, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি একজন খুনিকে ক্ষমা করেছেন। আওয়ামী লীগ খুনিকে ক্ষমা করলেও দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। খসরু গ্রেপ্তার করা বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেন, বিএনপির নেতা জয়নুল আবদিনের পোশাক খুলে সরকার আসলে গণতন্ত্রের পোশাক খুলেছে। আরও নির্যাতন করা হলে কঠোর আন্দোলন কর্মসূচির দিকে যাবে বিএনপি।বক্তারা বলেন, দেশ চালাতে ব্যর্থ এই সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর চড়াও হয়েছে। এর ফল শুভ হবে না। দ্রব্যমূল্য যেভাবে চলছে, তাতে মানুষের নাভিশ্বাস উঠেছে। সমাবেশ শেষে বিশাল একটি মিছিল নাসিমন ভবন থেকে বের হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।