খুনিদের আশ্রয় দিয়ে লম্বা লম্বা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আশ্রয়দাতা পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে এখন আবার মানবাধিকারের জন্য লম্বা লম্বা কথা বলছেন।’
গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোক র্যা লি-পূর্ব সমাবেশে মতিয়া চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে মেরেছে, রাষ্ট্রপতিকে মেরেছে এমন কেউ যদি বাংলাদেশে ঠাঁই নিত বা আশ্রয় নিত, তাহলে আপনারা ড্রোন পাঠিয়ে বাংলাদেশের মানুষকে সাফা করে দিতেন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তবে সবাই ফাঁসির কাষ্ঠে ঝুলে নাই। শোক দিবসের শপথ হচ্ছে, খুনিদের সবাইকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো।’
শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে ৪০ দিনের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শোক র্যা লির আয়োজন করা হয়। বিশাল র্যা লিটি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।
র্যা লি-পূর্ব সমাবেশে নেতাদের বক্তৃতার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটকের সামনে সড়কে ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয়। ব্যানার-ফেস্টুন, কালো পতাকা, কালো ব্যাজসহ নেতা-কর্মীরা মিছিলসহকারে সেখানে আসেন। এ সময় মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকে। অন্য পাশের যানও চলেছে ধীরগতিতে। সমাবেশ শুরুর পর থেকেই শোভাযাত্রা ধানমন্ডির দিকে রওনা হয়। এ সময় শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড ও এর আশপাশে তীব্র যানজট হয়।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে র্যা লি-পূর্ব সমাবেশে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।