রাজশাহীতে ব্যবসায়ী আমিনুল হক হত্যার ঘটনায় খুনিদের কঠোর শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীর ব্যবসায়ীরা। কোনো গড়িমসি করা হলে তাঁরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বেলা ১১টার দিকে রাজশাহী নগরের আরডিএ মার্কেটের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদ মাহমুদ হাসান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি হাসেন আলী ও মোহাম্মদ আলী সরকারসহ অন্যান্য ব্যবসায়ী অংশ নেন। এ ছাড়া নিহত আমিনুল হকের ছেলে আহসানুল হক, ভাই মোহাম্মদ ইকবাল, নাজমুল হক, মনিমুল হক ও নাইমুল হক মানববন্ধনে অংশ নেন।মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের বলেন, ‘এ হত্যাকাণ্ডের পেছনে হয়তো অন্য কোনো কারণ আছে। ঘটনার সঙ্গে হয়তো আরও কেউ জড়িত রয়েছে। শুধু ওই দুজন লোকের পক্ষে এত বড় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব হয়েছে বলে মনে হয় না।’বেলা সোয়া ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকে ‘ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল হকের খুনিদের ফাঁসি চাই, ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ইত্যাদি লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত ব্যবসায়ী আমিনুল হকের মালিকানাধীন হোটেল হক ইন্টারন্যাশনালের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন।কর্মসূচি চলাকালে সাংসদ ফজলে হোসেন বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যনায়ক যদি কেউ থেকে থাকে, তাহলে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজশাহী নগরে এর আগে কখনো এমন নৃশংস ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সেদিকে খেয়াল রাখার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।মিজানুর রহমানও এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যবসায়ীরা তাঁদের বক্তব্যে বলেন, অতি দ্রুত খুনিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো গড়িমসি করা হলে তাঁরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। রাজশাহীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে ব্যবস্থা করতে হবে। রাজশাহী নগরের ব্যবসায়ী ও হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক আমিনুল হক গত রোববার নিখোঁজ হন। গত মঙ্গলবার নগরের আলুপট্টি এলাকার একটি বাড়ি থেকে তাঁর নয় টুকরা লাশ উদ্ধার করা হয়। এ সময় নগরের আরডিএ মার্কেটের প্লাস্টিকসামগ্রীর ব্যবসায়ী সারোয়ার হোসেন ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।