টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যাকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, আইন সবার জন্য সমান। কে প্রভাবশালী আর কে প্রভাবশালী নয়, তা বড় কথা নয়। এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত কাউকে কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না, সে যত প্রভাবশালীই হোক।
গতকাল শুক্রবার টাঙ্গাইলে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শহীদুল হক।
ফারুক আহমেদ ২০১৩ সালের ১৮ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি আদালতে জবানবন্দিতে বলেছেন, ফারুক হত্যায় আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাঁকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) জড়িত। এর পর থেকেই সাংসদ ও তাঁর ভাইয়েরা পালিয়ে রয়েছেন।