খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গৃহবধূ সামসুন নেহারের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরাম, এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া পাইলট স্কুলের শিক্ষার্থী তামানা আক্তার বক্তব্য দেন। বক্তারা বলেন, সামসুন নেহারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে তাঁর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তাঁরা।
উপজেলার সাহেবজোত গ্রামের নিজ বাড়ির রান্নাঘর থেকে গত শুক্রবার ভোরে সামসুনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।