খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সমাবেশ
টাঙ্গাইলে নিহত কাজী মোহাম্মদ আলী সিকদারের (৬০) খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। দুপুরে সখীপুর উপজেলায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নিহত কাজী মোহাম্মদ আলী সিকদারের বাড়ি সখীপুরের হতেয়া কাজীপাড়া গ্রামে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ২০ এপ্রিল তাঁকে ভাতিজা কাজী রফিকুল ইসলাম সিকদার বাড়ি থেকে ডেকে নেন। এর পাঁচ দিন পর গত মঙ্গলবার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে মির্জাপুর উপজেলার হলুদিয়া চালা এলাকায় সেতুর নিচ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত কাজী মোহাম্মদ আলীর ছেলে কাজী হাসান আলী সখীপুর থানায় কাজী রফিকুল ইসলামকে প্রধান আসামি করে মামলা করেন।
ওই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। এতে কয়েকটি গ্রামের কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান গতকাল বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।