নুরুল ইসলাম ছিলেন সত্, সাহসী ও প্রকৃত সমাজতন্ত্রে বিশ্বাসী। জনগণের কল্যাণই ছিল তাঁর লক্ষ্য। একমাত্র ছেলেসহ তাঁকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।
গতকাল শনিবার গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সভার আয়োজন করে।
শিল্প ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এত বড় একজন আদর্শবান মানুষ এভাবে চলে যাবেন, এটা মেনে নেওয়া যায় না।
সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হওয়া দরকার। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা নুরুল ইসলামকে হুমকি দিয়েছিল, তারা বা এ হুমকির সুযোগে অন্য কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
মুহম্মদ জাফর ইকবাল পরিবারের পক্ষ থেকে যেসব সন্দেহভাজনের তালিকা দেওয়া হয়েছিল, তা প্রকাশের দাবি জানান।
নুরুল ইসলামের স্ত্রী কবি রুবি রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিলেন। তার পরও সুষ্ঠু তদন্ত হয়নি। রুবি রহমান বলেন, সিআইডি তড়িঘড়ি তদন্ত শেষ করলে আদালতে নারাজি দেওয়ায় র্যাব তদন্তভার নেয়। র্যাবের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ক্লু পাওয়া যায়নি। অথচ বাসায় অনেক তথ্য পাওয়া গেছে।
খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।