খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে স্কুলছাত্রীর বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জে স্কুলছাত্রীর বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্কুলছাত্রীর বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন স্বজন, এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাচাইন বাজারে আয়োজিত মানববন্ধন চলাকালে তাঁরা এ দাবি জানান।
এদিকে হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজনেরা। গতকাল মামলা তদন্তের দায়িত্ব থানা-পুলিশ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশকে দেওয়া হয়েছে।
স্কুলছাত্রীর পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে শিবালয় উপজেলার কাক্কোল গ্রামের বিল্লাল হোসেনের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিলেন দক্ষিণ খানপুর গ্রামের সুমন (২২)। বিল্লাল এ নিয়ে সুমনের অভিভাবকদের কাছে নালিশ করেন, কিন্তু ফল পাননি। সম্প্রতি মেয়েটির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান সুমন। এতে তাঁরা আপত্তি জানান। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সুমন বিল্লালকে হত্যার হুমকি দিয়েছিলেন। ২ নভেম্বর রাত আটটার দিকে দরজি দোকান বন্ধ করে বিল্লাল সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজন ও প্রতিবেশীরা তাঁকে খুঁজতে থাকেন। রাত একটার দিকে মাচাইন গ্রামে খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ দেখেন স্থানীয় লোকজন। পরদিন পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বিল্লালের স্ত্রী আফরোজা বেগম সুমনসহ আরও চারজনকে আসামি করে মামলা করেন।
গতকাল দুপুর ১২টার দিকে মাচাইন বাজারে মানববন্ধন করেন বিল্লালের স্বজন, বাজারের ব্যবসায়ী ও কাক্কোল গ্রামবাসী। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মাচাইন বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন বিল্লালের স্ত্রী আফরোজা বেগম, দুই মেয়ে, ছোট ভাই জিলাল হোসেন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে আফরোজা বেগম বলেন, ‘স্বামী হারানো যে কী কষ্টের, যিনি হারিয়েছেন তিনিই বোঝেন। এক সপ্তাহ পার হলেও পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। একজন আসামিকে ধরতে পারলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম।’
মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে। তিনি বলেন, মালাটির তদন্তের দায়িত্ব গতকাল ডিবিকে দেওয়া হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, গুরুত্বের সঙ্গে মামলা তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।