খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ চত্বরে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।
পরে কলেজের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সহকারী অধ্যাপক আবদুল বারির সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শাহ জালাল, প্রভাষক শফিকুল ইসলাম ও রনজু মিয়া, সাবেক শিক্ষক নজরুল ইসলাম, নাটুয়ারপাড়া বাজার বণিক সমিতির সভাপতি দেলসাত হোসেন, ব্যবসায়ী শাহ জামাল প্রমুখ।
বক্তারা প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে বলে দাবি তোলেন। মুনিয়া হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে নিরপরাধ বাবা-মাকে হয়রানি বন্ধ করে তাঁদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। ২০১৩ সালের ২৪ অক্টোবর মুনিয়াকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে।