বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র শামির রাফি ওরফে ইনান হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এরপর তারা বিক্ষোভ মিছিল করে এবং পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেয়।গতকাল বুধবার দুপুর ১২টায় বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা শহীদ নজরুল ইসলাম সড়ক এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক অবরোধ করে। এ সময় তারা শামির রাফি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বিক্ষুব্ধ সহপাঠীরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে সঞ্চারকলিপি দেয়।পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, শামির রাফি হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।৬ এপ্রিল বরিশাল মেডিকেল কলেজ ছাত্রাবাস মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুজনের সঙ্গে শামির রাফির বাগবিতণ্ডা হয়। ওই দিন সন্ধ্যায় নগরের বাংলাবাজার এলাকায় শামির রাফিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টায় সে মারা যায়। ওই ঘটনায় শামির রাফির বাবা বাদী হয়ে রিফাত ও রিশাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক।