
নিজের অন্যায় আড়াল করতেই পুলিশ মিরপুরের কালশীর খুনিদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেছে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ।
বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবি জানিয়ে সমাবেশ ও মিছিল করে। সংগঠনের পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খানের নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে পল্টন হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে গেলে পুলিশ বাধা দেয়।
সমাবেশে বক্তারা কালশীর বিহারি ক্যাম্পের খুনিদের আড়াল করার জন্য সরকারের সমালোচনা করেন এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা কালশীর কুর্মিটোলা ক্যাম্পের ১০ জন বিহারি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হাত থেকে বিহারি ক্যাম্প রক্ষা, প্রতিটি ক্যাম্পে গ্যাসলাইন স্থাপন, পূর্ব কুর্মিটোলা বিহারি ক্যাম্পের ৫০০ ঘরে বিদ্যুতের পুনঃসংযোগ প্রদানসহ সাত দফা দাবি জানান। বিজ্ঞপ্তি।