ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহীদ এ কে এম ইকবাল আজাদের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার ত্বরান্বিত করার দাবিতে সমিঞ্চলিত ছাত্র ঐক্য পরিষদ নামের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের সাবেক সহসভাপতি শের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সূত্র জানায়, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আহ্বায়ক এবং ইসলামী ঐক্যজোটের (মুফতি আমিনী) ছাত্র সংগঠন ইসলামী ছাত্র মোর্চার উপজেলা শাখার আহ্বায়ক মোরশেদ চৌধুরী ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেনকে করা হয়েছে ১ নম্বর সদস্য। অন্য সদস্যরা হলেন: এম এ মজিদ বক্স (ছাত্রসমাজ), মো. হাকিম মিয়া (ছাত্রলীগ), গিয়াসউদ্দিন (ছাত্রলীগ), মো. নাছির মিয়া (জাসদ-ছাত্রলীগ), রুহুল আমীন (ছাত্রদল), মোস্তফা আলম খন্দকার (ছাত্রলীগ), মো. সাদ্দাম হোসেন (ইসলামী ছাত্রসেনা) ও আবদুল্লাহ আল হুসাইন (ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন)। তবে এ কমিটিতে ছাত্রশিবিরের কেউ নেই।আহ্বায়ক আবদুল জব্বার জানান, ২০ নভেম্বর তাঁরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশের ডাক দিয়েছেন। ওই সমাবেশ থেকে তাঁরা ইকবাল আজাদের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে হরতালসহ কঠোর আন্দোলনের ডাক দেবেন। ইকবাল আজাদ হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদসহ ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। গত ২১ অক্টোবর উপজেলা সদরে দলীয় প্রতিপক্ষের দায়ের কোপে ও বল্লমের আঘাতে খুন হন ইকবাল আজাদ।