যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার হরতাল পালিত হয়েছে। গতকাল হঠাৎ ডাকা এ কর্মসূচির কারণে মানুষ ভোগান্তিতে পড়েন।
এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তাৎক্ষণিকভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানান যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল থেকে বাজারের দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হয়। অনেকে ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়। চৌগাছার সঙ্গে যশোর ও ঝিনাইদহসহ অন্য এলাকার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় ছোটখাটো যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করা হয়। আকস্মিক এ কর্মসূচিতে মানুষ চরম ভোগান্তির শিকার হয়।
এদিকে লাশের পুনঃ ময়নাতদন্ত ও কবর স্থানান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবুল কাশেমের ভাই আবদুর রশিদ জেলা প্রশাসক হুমায়ুন কবীরের কাছে আবেদন করেছেন। তিনি বলেন, ‘তড়িঘড়ি করে একজন জনপ্রতিনিধির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হলো। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়।’