সারা দেশে সাংবাদিক সমাবেশ
খুনিদের গ্রেপ্তার দাবিতে প্রতীকী ধর্মঘট ও গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতীকী ধর্মঘট ও গণ-অনশন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সব সংগঠন ও ইউনিয়ন আয়োজিত যৌথ সাংবাদিক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন পৃথক পৃথক সমাবেশ করে। সব কর্মসূচির মূল কথা ছিল এই নৃশংস হত্যাকাণ্ডসহ সব সাংবাদিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা। একই সঙ্গে সাংবাদিকদের স্বাভাবিক মৃত্যু এবং স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা চেয়েছেন তাঁরা।এসব দাবিতে ২৭ ফেব্রুয়ারি সব সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমে সর্বস্তরের কর্মীরা কালো ব্যাজ ধারণ করে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করবেন। এ ছাড়া আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে এবং একই সময়ে সারা দেশে প্রেসক্লাবে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। গতকালের সমাবেশে সাংবাদিক নেতারা এই হত্যাকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বিভিন্ন অসংলগ্ন বক্তব্যের নিন্দা জানান তাঁরা।অসুস্থ প্রবীণ সাংবাদিক নির্মল সেন হুইলচেয়ারে বসে সমাবেশে যোগ দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘স্বাধীনতার পর আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে কলাম লিখেছিলাম। এটা পরবর্তী সময়ে স্লোগানে পরিণত হয়েছে। আজ আবার আমি এই দাবি করছি।’ মৃত্যুর আগে তিনি সাংবাদিকদের ঐক্য দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।সমাবেশে হাসপাতাল থেকে মুঠোফোনে সংহতি প্রকাশ করেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের নেতারা সমাবেশে বক্তৃতা করেন।বক্তারা বলেন, ‘সাগর-রুনি হত্যার ১১ দিন পার হলেও হত্যাকারীদের খুঁজে বের করা যায়নি। পুলিশের ওপর আস্থা রেখে ১১ দিন পার হয়েছে। কিন্তু হত্যার আলামতে অস্পষ্টতার কথা বলে, নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনমনে সংশয় ও আস্থাহীনতার পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁরা আরও বলেন, পুলিশের ওপর আস্থা উঠে গেলে খুনের রাজত্ব তৈরি হবে, দেশ অরাজক অবস্থার দিকে যাবে। খুনি যদি গণমাধ্যমের কেউ হয়ও, তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে গণমাধ্যমের কেউ যুক্ত থাকলে তিনি সাংবাদিক নন, খুনি।বেলা সাড়ে ১১টা থেকে সোয়া একটা পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে কদম ফোয়ারা, তোপখানা রোড ও পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী কর্মসূচি ঘোষণা করে বলেন, এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘হত্যাকারীদের খুঁজে বের করতে আপনার নির্দেশের পর আর কোনো শক্তি নেই। তাহলে খুনি কেন ধরা পড়ছে না?’সাংবাদিক নেতাদের মধ্যে সমাবেশে বক্তৃতা করেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, ওমর ফারুক, আবদুস শহীদ, বাকের হোসাইন, এম আবদুল্লাহ, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান ও শাবান মাহমুদ। বক্তারা শামছুর রহমান, মানিক সাহা, হুমায়ুন কবির বালু, গৌতম দাসসহ কোনো সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যার ১১ দিন পরও খুনি গ্রেপ্তার না হওয়ায় সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও স্বাধীন সাংবাদিকতার দাবিতে এই সমাবেশ আহ্বান করা হয়।