চুয়াডাঙ্গায় স্কুলছাত্র শিহাব উদ্দিন (৯) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার কুতুবপুর বাজারের চার রাস্তার মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান-ফ্লাওয়ার কিন্ডারগার্টেন ও কুতুবপুর দাখিল মাদ্রাসার হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় শিহাবের মা বিলকিস খাতুন কাঁদতে কাঁদতে কয়েকবার মূর্ছা যান।
দাবির প্রতি সংহতি জানিয়ে কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মোখলেছুর রহমান, গোলাম আজম ও শিহাবের মা বিলকিস খাতুন বক্তব্য দেন। বক্তারা শিহাব হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর গ্রামের তোয়াজ উদ্দিনের ছোট ছেলে শিহাব উদ্দিন দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত বছরের ২৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয় এবং ৩০ অক্টোবর পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি মাঠে তার লাশ পাওয়া যায়।
এদিকে শিহাব খুনের ঘটনায় তার মা বিলকিস খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুতুবপুর গ্রামের সুলতান (৪৫), আবদুল আলীম (৩৫), দ্বীনু (২৮), নয়ন (১৭) ও মোমিন (২৮) এবং শিবপুর গ্রামের লাল্টুকে (৩৫) আসামি করা হয়েছে।
গতকাল সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এজাহারভুক্ত আসামি সুলতান ও আবদুল আলিমকে গত ১৭ নভেম্বর এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করে। বাকি আসামিদের কেউ ধরা পড়েনি। বাইরে থাকা আসামি ও তাদের স্বজনদের উপর্যুপরি হুমকির মুখে বিলকিস বড় ছেলে জিহাদকে নিয়ে বাবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামে চলে গেছেন (কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার গ্রামটিতে এসেছিলেন)। হুমকির ঘটনায় গত ১১ জানুয়ারি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিলকিস।