খুনিদের গ্রেপ্তার না করে উৎসাহিত করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন-চার লাখ মানুষকে একসঙ্গে নিয়ে জাতীয় সংগীত গাইলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় না। এ সমাজকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে পারলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। অথচ সরকার এ সমাজকে মানুষের বসবাসের অযোগ্য করে তুলতে সহায়তা করছে। খুনিদের গ্রেপ্তার না করে সরকার তাদের ক্ষমতার মসনদে বসিয়ে উৎসাহিত করছে। আর এ বার্তা যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন খুনিরা উৎসাহিত হয়। নারায়ণগঞ্জের ক্ষেত্রেও তা-ই হয়েছে।
গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। ‘প্রশাসনের ব্যর্থতায় নারায়ণগঞ্জ আজ মৃত্যু উপত্যকা, মৃত্যুর রেলগাড়ি থামাও’ স্লোগান নিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, ‘নাসিম ও শামীম ওসমান—দুই গডফাদার ভাই মানুষের ভোট ছাড়া এমপি হয়ে নারায়ণগঞ্জে সন্ত্রাস জিইয়ে রেখেছেন। তাঁরাই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেন।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের সময় নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে কোটি টাকা চাঁদাবাজি করা হচ্ছে। এ টাকা কোথায় যায়, কারা নেয়, তা আমরা জানি। এ টাকার ভাগ পুলিশও পায়। এ জন্য পুলিশ এসব ব্যাপারে মাথা ঘামায় না। পুলিশ সাধারণ মানুষকে ধরে নিয়ে পকেটে ফেনসিডিলের বোতল দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে।’
রফিউর রাব্বি সরকারের প্রতি নারায়ণগঞ্জকে সন্ত্রাসী আর গডফাদারদের কবল থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, সরকারি দলের যাঁরা এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। খুনিদের পক্ষাবলম্বন করে প্রশাসন নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মনে সরকার সম্পর্কে নেতিবাচক ধারণা দিচ্ছে। ত্বকী হত্যা মামলার তদন্ত নিয়ে এখন চোর-পুলিশ খেলা হচ্ছে।
মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাসসের উপবার্তা প্রধান কবি হালিম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।