খুনিদের গ্রেপ্তারে এক সপ্তাহের সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের শিশু সোয়াইদ হোসেনের (৫) খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল করেছে। তারা মঙ্গলেরগাঁও গ্রামের ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তারা সোয়াইদের খুনিদের গ্রেপ্তারে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। নইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে লাগাতার আন্দোলন করার ঘোষণা দেন তাঁরা।এর আগে জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।সমাবেশে বক্তব্য দেন সোয়াইদের বাবা মাসুম মিয়া। ‘আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় ভাগিনা গ্রুপের এক সন্ত্রাসী। এতে রাজি না হওয়ায় তারা আমার অবুঝ সন্তানকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে’ বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁর কান্না দেখে সভায় উপস্থিত সহস্রাধিক লোক আবেগাপ্লুত হয়ে পড়েন।সোনারগাঁর পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রউফ, ইউপি সদস্য মজিবুর রহমান, স্থানীয় মোশারফ হোসেন, নুরুজ্জামান, নূরনবী মাস্টার, প্রকৌশলী সামসুল হক ও মুক্তার হোসেন।বক্তারা বলেন, কয়েক মাস আগে এ এলাকায় কলেজছাত্রী ফারহানা ইসলামকে (রিমি) আত্মহত্যা করতে বাধ্য করে শামীম মিয়া নামের এক বখাটে যুবক। প্রায় তিন মাস পার হলেও পুলিশ শামীমকে গ্রেপ্তার করতে পারেনি। এখন ভাগিনা গ্রুপের সন্ত্রাসীরা এক স্কুলছাত্রীকে বিয়ে করতে না পেরে তার শিশুভাইকে অপহরণ করে হত্যা করল। সমাবেশে সোয়াইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন আশ্বাস দেন, যেকোনো উপায়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।সন্ধ্যায় সমাবেশ শেষে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।সোনারগাঁর শান্তিনগর দারুন নাজাত নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইদ হোসেনকে পাখির প্রলোভন দেখিয়ে গত ২০ ফেব্রুয়ারি অপহরণ করে সন্ত্রাসীরা। দুই দিন পর শিশুটির বাবা সোনারগাঁ থানায় মামলা করলে আসামি নাসির উদ্দিন ও আবদুল খালেককে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি শিশুটির গলাকাটা ও অ্যাসিডদগ্ধ লাশ উদ্ধার করা হয়।