খুনিদের গ্রেপ্তারে মায়ের অনশন চলছে

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন অব্যাহত রেখেছেন মা জাহেদা আমিন চৌধুরী। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ভাই রাশেদ আমিন চৌধুরীর বাসায় রাখা হয়েছে তাঁকে। তবে হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন দিয়াজের মা। গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে এসব তথ্য জানান দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী।
গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজ ইরফান চৌধরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে স্থগিত কমিটি), সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।
দিয়াজের বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মায়ের শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। চিকিৎসক এনে তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কিছু খাওয়ানো যাচ্ছে না। শুধু বলছেন, ছেলের হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কিছু খাবেন না।

জুবাঈদা ছরওয়ার চৌধুরী আরও বলেন, ‘আমি গত মঙ্গলবার ঢাকায় গিয়ে পুলিশের আইজি (মহাপরিদর্শক) ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তাঁরা আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে আশ্বস্ত করেছেন। কিন্তু মামলার আসামিরা আজও (বুধবার) ক্যাম্পাসে সরব ছিল।’
দিয়াজের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে অনশন শুরু করেন জাহেদা আমিন।
দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে—এমন আলামত ময়নাতদন্তের প্রতিবেদনে মেলেনি। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ। পরে গত বছরের ৬ ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত প্রতিবেদনটি চলতি বছরের ২ আগস্ট মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারের হাতে এসে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাস রোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। পরে দিয়াজের মায়ের করা মামলাটি এজাহার হিসেবে নিতে চলতি বছরের ২৩ অক্টোবর হাটহাজারী থানার পুলিশকে নির্দেশ দেন আদালত।