নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউসুফ আলী ওরফে সেলিমের হত্যাকারীদের গ্রেপ্তারে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন দলের নেতারা। গতকাল শনিবার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তাঁরা এ সময়সীমা দেন।
গতকাল বিকেলে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী নতুনহাট বাজারে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চর মটুয়া ইউনিয়ন আওয়ামী লীগ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন ওরফে শাহিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম সম্পাদক আবদুল মমিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল অদুদ ওরফে পিন্টু।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে যদি খুনিদের গ্রেপ্তার করা না হয়; তাহলে সাংগঠনিকভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত ২৭ জুলাই লক্ষ্মীপুরের বাড়ি থেকে নোয়াখালী শহরের বাসায় ফেরার পথে সদর উপজেলার মাহতাবপুর এলাকায় দুর্বৃত্তরা গলা কেটে ইউসুফ আলীকে হত্যা করে।