খুনিদের গ্রেপ্তারে সাত দিনের আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মুদি ব্যবসায়ী কুতুব উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গতকাল শুক্রবার সকালে বন্দরের সোনাকান্দায় অনুষ্ঠিত কর্মসূচি থেকে খুনিদের গ্রেপ্তারে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।
কুতুব উদ্দিন বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদন হোসেনের বড় ভাই। মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নূর ইসলাম চৌধূরী, যুগ্ম সম্পাদক জি এম আরমান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্ল্যাহ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন, ভাষাসৈনিক আহসানউল্ল্যাহ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
নূর ইসলাম চৌধূরী বলেন, ‘স্থানীয় জনতার সহযোগিতায় কুতুব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি শামীম আহম্মেদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে পুলিশের গাফিলতি ও উদাসীনতার কারণে এখন পর্যন্ত এ মামলার অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেপ্তারে আমরা বন্দর থানার পুলিশকে সাত দিনের আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। প্রয়োজনে বন্দর অচল করে দেওয়া হবে।’
গত ২৭ জুন রাতে নারায়ণগঞ্জ বন্দরের ব্যবসায়ী কুতুব উদ্দিনকে (৬৫) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ব্যবসায়ীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।