চিকিৎসক শেজাদী আপসা হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তাঁর পরিবার ও চিকিৎসক সহপাঠীরা। তাঁরা এ বিষয়ে সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, ১৩ মে ময়নামতি সেনানিবাসের ভেতরে স্বামী সেনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রড দিয়ে পিটিয়ে শেজাদীকে হত্যা করেন।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবি ও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে দেওয়া শেজাদীর ভাই চিকিৎসক জাভেদ হোসেনের ভাষ্য, সেনাবাহিনী তাঁদের সুবিচারের আশ্বাস দিয়েছে। কিন্তু হত্যা মামলার অপর তিন আসামি শফিকুল ইসলামের ভাই মফিজউদ্দিন, বন্ধু আবুল বাসেত ও ইমদাদুল হক তালুকদারকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। শেজাদীর পরিবারের অভিযোগ, তাঁরা শফিকুলের পরিবারের কাছ থেকে কোনো সহায়তা পাননি। এমনকি শফিকুলের ভাই ও মা বিভিন্ন সময় শেজাদীর ওপর মানসিক নির্যাতন চালাতেন। এ ব্যাপারে চেষ্টা করেও শফিকুল ইসলামের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। শেজাদী বরিশাল মেডিকেল কলেজ থেকে (২৮তম ব্যাচ) পাস করেন। ২০০০ সালে সেনা কর্মকর্তা শফিকুলের সঙ্গে তাঁর বিয়ে হয়।