চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত ভুলু সরদারকে (২২) খুনের ২৪ ঘণ্টা পরও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় নিহত ব্যক্তির ক্ষুব্ধ স্বজনসহ এলাকাবাসী গতকাল রোববার থানা ঘেরাও করে চিহ্নিত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
থানা-পুলিশ সূত্র জানায়, নিহত ভুলুর মা ছাবিহা খাতুন গতকাল সদর থানায় হত্যা মামলা করেছেন। এতে সাতজনের নাম উল্লেখ করে আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন সরদারপাড়া এলাকার শরাফত, শাওন, সজল, সজীব ও নিজাম এবং জ্বীনতলা পাড়ার ফরজ আলী ও শিমুল।
গত শনিবার দুপুরে দুর্বৃত্তরা ভুলু সরদার ও আকাশ হোসেনকে (১৭) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুলু সরদার মারা যান। আকাশ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহত দুজনই মাছ ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, শনিবারের খুন ও হত্যাচেষ্টার ঘটনায় দুটি মামলা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় একটি আবাসিক হোটেল থেকে আটক তিনজনকে আকাশ হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভুলু সরদারের খুনিদের ধরতে অভিযান চলছে।
এলাকাবাসী সূত্র জানায়, শনিবার দুপুরে নিহত ভুলুর লাশ ময়নাতদন্ত করা হয়। গতকাল বিকেলে শহরের পুরাতন পাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। লাশ দাফনের পর হুইপ নিহত ভুলুর বাড়িতে গিয়ে মা, ভাইসহ স্বজনদের সঙ্গে দেখা করে খুনিদের গ্রেপ্তারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশু বেলা একটার দিকে থানা ঘেরাও করে। এ সময় নিহত ভুলুর ভাই মিলন হোসেনসহ অনেকেই বলেন, খুনিদের নাম-পরিচয় পুলিশকে জানানোর পরও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। খুনিরা এলাকাতেই রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বিক্ষুব্ধ মানুষের অভিযোগ শোনেন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে বিক্ষুব্ধ জনতা ফিরে যায়।